ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই বছর
ঢাকার নাট্যচর্চা হয়ে পড়ছে শিল্পকলা একাডেমি কেন্দ্রিক

রাজধানীতে মঞ্চনাটকের চর্চা এখনো সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিকেন্দ্রিক। এখানকার জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের বাইরে দুই সিটি করপোরেশনের ৯৩টি ওয়ার্ডের প্রায় পৌনে ২ কোটি বাসিন্দার জন্য নাটকের মঞ্চ বা মিলনায়তন নেই বললেই চলে। যে দু-একটি তৈরি হয়েছিল, সেগুলোও প্রায় পরিত্যক্ত।
নাটকের মঞ্চগুলো শুধু সেগুনবাগিচাকেন্দ্রিক হওয়ায় উত্তরা, গুলশান, বারিধারা, বনানী, মিরপুর, বাসাবো, রামপুরা, যাত্রাবাড়ী, গেন্ডারিয়াসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে সেখানে দর্শকেরা তুলনামূলক কম আসে নাটক দেখতে। বারিধারা এলাকার বাসিন্দা আফসানা আসিফ বলেন, ‘নাটক দেখার ইচ্ছা করে ঠিকই। কিন্তু সন্ধ্যার দিকে যানজট বেশি থাকে বলে গাড়ি নিয়ে এত দূর যাওয়ার কথা মনে হলেই সাহসে কুলায় না।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘শিল্পকলা একাডেমি সব সময়ই শিল্পের সব মাধ্যমের মধ্যমণি হিসেবে থাকবে, এটাই স্বাভাবিক। তবে নাট্যচর্চা শুধু একাডেমিকেন্দ্রিক হলে চলবে না। আমি মনে করি, রাজধানীর বিভিন্ন প্রান্তে ২০টি নাট্যমঞ্চ হওয়া উচিত। কারণ বর্তমানে রাজধানীর একটি নির্দিষ্ট অংশের কাছে বিনোদন সীমাবদ্ধ হয়ে পড়েছে।’
ঢাকার দক্ষিণাংশের মানুষের বিনোদনের চিন্তা করে তৎকালীন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ১৯৯৭ সালে গুলিস্তানে প্রতিষ্ঠা করেন মহানগর নাট্যমঞ্চ। কিন্তু অবহেলা ও অব্যবস্থাপনায় সবই নষ্ট হতে বসেছে। চালুর পর শুরুতে দু-একটি নাটক এখানে মঞ্চস্থ হয়েছিল। কিন্তু তারপর নানা কারণে উৎসাহে ভাটা পড়ে। এখন আর সেখানে নাটক মঞ্চস্থ হয় না।
গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, মহানগর নাট্যমঞ্চ ও নাট্যমঞ্চকে ঘিরে থাকা পার্কটি যেন পরিত্যক্ত এলাকায় পরিণত হচ্ছে। মিলনায়তনের ফটক ভাসমান লোকজনের দখলে। কৃত্রিম জলাধারে নোংরা পানি, ভাসছে ময়লা। আশপাশে মাদকাসক্ত ও ভাসমান লোকজনের আনাগোনা। অযত্ন-অবহেলায় বাংলাদেশের প্রথম আধুনিক নাট্যমঞ্চটি প্রায় অচল। এখন মিলনায়তনটি রাজনৈতিক সমাবেশ, বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক সভাসহ নানা আয়োজনে ব্যবহৃত হয়।
পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে ২০০৮ সালে বেশ ঢাকঢোল পিটিয়ে চালু করা হয়েছিল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র। এখন মঞ্চটি দুর্দশায়। কোনো নাটক এখানে মঞ্চস্থ হয় না। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, নিষ্প্রাণ ভবনের মূল দরজায় তালা ঝুলছে।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আকতারুজ্জামান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গুলিস্তান ও সূত্রাপুরের মিলনায়তন দুটিতে নাটক মঞ্চায়ন সম্ভব না। দুটি মিলনায়তনের ভাড়া অনেক বেশি। আমরা প্রায় ছয় মাস আগে ঢাকা দক্ষিণের মেয়র বরাবর চিঠি দিয়েছিলাম। এখন পর্যন্ত কোনো সমাধান আমরা দেখিনি।’
মহানগর নাট্যমঞ্চের শব্দযন্ত্র নাটক মঞ্চায়নের জন্য উপযুক্ত নয় বলে জানান ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী। তিনি বলেন, ‘শুরুতে আমরা মেয়র হানিফের কাছে দাবি জানিয়েছিলাম নাটকের জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য। আমাদের পক্ষ থেকে স্থপতি তৌকীর আহমেদকে নিয়ে পরিকল্পনাও সাজিয়ে দিয়েছিলাম। পরে ক্ষমতা বদলের পর মেয়র সাদেক হোসেন খোকা মিলনায়তনটির নাম পরিবর্তন করে কাজী বশীরের নামে করেন। বিষয়টি আমাদের মর্মাহত করে। আমরা মেনে নিইনি। আমরা প্রতিবাদ করেছিলাম, কেননা একটি জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক কেন্দ্র কেন একজন কমিশনারের নামে হবে।’
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু ও অবাধ সংস্কৃতিচর্চার স্বার্থে ইতিমধ্যে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, লালকুঠি মিলনায়তন এবং গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ—এই তিন মিলনায়তনকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এতে এগুলোকে যথাযথ নাট্যচর্চার উপযোগী করা যাবে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মহানগর নাট্যমঞ্চ ও পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রটি পূর্ণাঙ্গরূপে চালু করার উদ্যোগ নিয়েছি। সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের কাছে যে সহযোগিতা চাইবে, আমরা করব।’
মিরপুরে টাউন হলে প্রস্তাবিত মেট্রোরেলের স্টেশন করার পরিকল্পনা আছে বলে সেখানে আর নাটকের জন্য মিলনায়তন করা যাবে না বলে জানান গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আকতারুজ্জামান। তিনি জানান, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বনানীতে সিটি করপোরেশন কার্যালয়ে একটি মিলনায়তন করার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া উত্তরায় একটি স্থানীয় মিলনায়তনের জন্য জায়গা পাওয়া গেছে। খুব শিগগিরই শিল্পকলা একাডেমি সেখানে মিলনায়তন নির্মাণের কাজ শুরু করবে।