রাজধানীর চারপাশের নদীগুলোতে পানি বাড়ছে: রাস্তা ভেঙে নদীর পানি ঢুকেছে মাদারটেকে
আটকে আছে বৃষ্টির পানি

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর পানি বাড়তে থাকায় বৃষ্টির পানি নামতে পারছে না। এ জন্য রাজধানীর নিম্নাঞ্চলের বিভিন্ন অংশে পানি আটকে আছে। আজ-কালের মধ্যে শীতলক্ষ্যা নদী ও বালু নদের পানি বিপৎসীমা অতিক্রম করলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হবে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
এদিকে ঢাকার মাদারটেকের শেখের জায়গা এলাকায় বাসাবো সড়কের সঙ্গে সংযোগকারী মাটির রাস্তাটি ভেঙে বালু নদের পানি ঢুকে পড়েছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে রাস্তা ভাঙার পর ওই এলাকার বাড়িঘরেও পানি ঢুকেছে। এলাকাটিতে তিন হাজারের মতো পরিবার বসবাস করে।
শেখের জায়গার বাসিন্দা জজ মিয়া প্রথম আলোকে বলেন, রাস্তাটি দুপুরে বালু নদের পানির তোড়ে ভেঙে যায় এবং অল্প সময়ের মধ্যে বাড়িঘরে পানি ঢুকে পড়ে।
ওই এলাকায় অন্তত নয়টি ঘের রয়েছে। গতকাল দেখা যায়, ঘেরগুলো পানিতে একাকার হয়ে গেছে। সবচেয়ে বিপদে পড়েছে সেখানকার বস্তিবাসীরা। বস্তিবাসী আবদুল জব্বার বলেন, তাঁদের বস্তিতে কমপক্ষে ৯০টি পরিবার রয়েছে। ঘরে মাটির চুলা ডুবে গেছে। মাচা পর্যন্ত পানি উঠেছে।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বালু নদের পানি গতকাল বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচে ছিল। কিন্তু রাস্তা ভেঙে যাওয়ায় শেখের জায়গা পানিতে প্লাবিত হয়েছে। ওই কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ঢাকার চারপাশের নদীগুলোর পানি প্রতিদিনই বাড়ছে। পানি বৃদ্ধির প্রবণতা আরও অন্তত চার দিন থাকতে পারে। শীতলক্ষ্যার পানি খুব দ্রুত বিপৎসীমার ওপরে উঠে যাবে। তিনি বলেন, ব্রহ্মপুত্র অববাহিকা ও বিভিন্ন স্থানে যমুনা নদীর পানি কমে ভাটিতে চলে আসছে। তাই ঢাকার আশপাশের নদীগুলোতে পানি বাড়ছে।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, নদীর পানি দ্রুত বাড়তে থাকায় বৃষ্টির পানি নামার জায়গা পাচ্ছে না। এ জন্য বিভিন্ন এলাকায় পানি জমে যাচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গতকাল শীতলক্ষ্যা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বেলা দুইটার দিকে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচে ছিল। মিরপুরে তুরাগের পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৭ এবং টঙ্গীতে চার সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার নিচে ছিল। বুড়িগঙ্গার পানি গতকাল দুই সেন্টিমিটার বাড়ে। তবে বুড়িগঙ্গার পানি বিপৎসীমা ছুঁতে হলে আরও ১৩২ সেন্টিমিটার বাড়তে হবে।
শীতলক্ষ্যা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কাঁচপুর সেতু এলাকায় বালুর দোকান, নদীপারের পায়ে চলার পথ ডুবে গেছে। সাইনবোর্ড, মাতুয়াইল প্রভৃতি এলাকা ছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের ভেতরে বৃষ্টির পানি আটকে আছে।
ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকা ত্রিমোহনী, দাসাকান্দি, ফকিরখালি, বেরাইদসহ আশপাশের এলাকা এবং বালু-শীতলক্ষ্যার পশ্চিম পাড়, ডেমরার আমুলিয়া, মেন্দিপুর, কায়েকপাড়া ও পাইটির নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। মান্ডা, নন্দীপাড়া সেতুর পূর্ব প্রান্ত ও নতুনবাজার এলাকায় বৃষ্টির পানি জমে আছে।