ঢাকার নিরাপত্তা জোরদার করতে দুই হাজার আনসার
রাজধানীর কূটনৈতিক এলাকা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে পুলিশকে সহায়তা করার জন্য দুই হাজার আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার ও ভিডিপির মহাপরিচালককে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। দু-এক দিনের মধ্যে এসব আনসার মোতায়েন করা হবে বলে জানা গেছে।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই হাজার আনসার সদস্য চেয়েছি। কারণ, গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপত্তার জন্য ফোর্স চাইছে। বিশেষ করে দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠানগুলো ফোর্স চাইছে। সে জন্য আমরা আনসার সদস্য চেয়ে চিঠি পাঠিয়েছি।’
মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী মহল সাম্প্রতিক সময়ে দেশে গুপ্তহত্যা ও নাশকতায় লিপ্ত রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের বিভিন্ন আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় পেট্রলিং, তল্লাশিচৌকি, ব্লক রেড, তল্লাশি অভিযান, দৃশ্যমান ও অদৃশ্যমান পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা বাড়াতে ও নিশ্চিত করতে বাহিনীর (ফোর্স) বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত করা হয়েছে। এতে পুলিশ বাহিনীর সদস্যের (ফোর্স) স্বল্পতা সৃষ্টি হয়েছে। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার্থে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে।
চিঠিতে বলা হয়, এ অবস্থায় ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, কূটনৈতিক এলাকার বিভিন্ন দূতাবাস, ঢাকার আন্তর্জাতিক সংস্থায় স্থানীয় কার্যালয়, দূতাবাস-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয় ও ব্যক্তির নিরাপত্তাবিধান, কূটনীতিকদের আবাসিক এলাকার পাশাপাশি ঢাকায় বসবাসকারী বিভিন্ন দেশের কমিউনিটির জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি বিভিন্ন অফিস, আবাসিক এলাকাভিত্তিক যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিতে ডিএমপিকে সহযোগিতা করতে আনসার বাহিনীর সদস্য প্রয়োজন।
এদিকে নিরাপত্তা চেয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ভারত, জার্মানি, জাপান, ডেনমার্ক, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান, তাইওয়ান ও থাইল্যান্ড দূতাবাস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আগেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতেরা তাঁদের দূতাবাস ও বাসভবনের নিরাপত্তা বাড়াতে বলেছিলেন। বিভিন্ন দেশের ব্যবসায়ীদের জন্য এবং যাঁরা ঢাকায় আসবেন, তাঁদের নিরাপত্তা চেয়েও প্রায় প্রতিদিনই চিঠি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।