ঢাকার নেতৃত্বে থাকতে চান না খোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাদেক হোসেন খোকা। ছবি: ফোকাস বাংলা
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাদেক হোসেন খোকা। ছবি: ফোকাস বাংলা

বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক পদে আর দায়িত্ব পালন করতে চান না সাদেক হোসেন খোকা। ইতিমধ্যে বিষয়টি তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকেও জানিয়েছেন। তবে নতুন কেউ দায়িত্ব পাওয়ার আগপর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করে যাবেন।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে মওলানা ভাসানী মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে খোকা এসব কথা বলেন।কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর কমিটি নিয়ে  পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের তথ্য এসেছে। দলের মধ্যেও এ নিয়ে ব্লেমগেমের চেষ্টা চলছে। এসব কারণে এ বিষয়টি খোলাশা করা প্রয়োজন বলে মনে করেন তাঁরা। তাই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাদেক হোসেন খোকা বলেন, ‘ঢাকা মহানগরকে ঢেলে সাজানোর জন্য ও শক্তিশালী করার তাগিদ অনুভব করছি। মহানগরকে ঢেলে সাজানোর জন্য আমি নিজেও কারাগার থেকে বিএনপির চেয়ারপারসনের কাছে সংবাদ প্রেরণ করি। অনেক দিন হয়ে গেছে প্রায় সাড়ে ১৭ বছর ধরে আমি ঢাকা মহানগরের দায়িত্ব পালন করছি।’

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, তিনি পদত্যাগ করছেন না। দলকে সুসংগঠিত করার জন্য মহানগর কমিটিকে ঢেলে সাজানোর প্রয়োজন অনুভব করছেন এবং বিএনপির চেয়ারপারসন যেভাবে করবেন, সেখানে তাঁরা সর্বতোভাবে সহযোগিতা করবেন।

খোকা জানান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কমিটির আহ্বায়ক করার জন্য বিএনপির চেয়ারপারসনকে পরামর্শ দিয়েছেন তিনি। মির্জা আব্বাস রাজি না হলে আবদুল আউয়াল মিন্টুকে, আর না হলে আ স ম হান্নান শাহকে ওই পদ দেওয়ার পরামর্শ দেন।

মহানগর কমিটির আহ্বায়ক বলেন, অনেকে আশা করেছিল ঢাকায় যে আন্দোলন হবে তাতে সরকার বিপর্যস্ত হবে। কিন্তু ঢাকা শহরে দেখামাত্র গুলি, হত্যা, গুম, খুন, নির্যাতনসহ ‘দখলদার’ সরকারের আচরণের কারণে সে রকম কিছু হয়নি।

এক প্রশ্নের উত্তরে খোকা দাবি করেন, আন্দোলন যে সফল হয়নি তা ঠিক নয়। তিনি বলেন, ঢাকা মহানগরের আন্দোলনকে শক্তিশালী করার জন্য আট নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে দুজন কারাগারে ছিলেন। বাকি ছয়জন বাইরে ছিলেন। ওই ছয়জন কী করেছিলেন? তারপর আসে মহানগরের কথা। এসব নিয়ে এখন অনেক ব্লেমগেম হচ্ছে।

খোকা বলেন, সরকার যে দমননীতি নিয়েছিল, তাতে কোনো আন্দোলন সফল হতে পারে না।

নতুন কমিটি দিতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন কি না—সাংবাদিকেরা জানতে চাইলে এড়িয়ে যান তিনি।

আজকের এই সংবাদ সম্মেলনে মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালামসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

)