ঢাকার পথে পথে বাধা, হয়রানি
বিএনপির ‘গণতন্ত্রের অভিযাত্রা’কে কেন্দ্র করে গতকাল সোমবারও ঢাকার পথে পথে বাধা দিয়েছে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঢাকা-চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও মাওয়া মহাসড়কে গতকালও কোনো ধরনের গণপরিবহন চলতে দেওয়া হয়নি। বন্ধ রাখা হয়েছিল লঞ্চ ও ট্রেন চলাচল।
অল্প কিছুসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও রিকশা চললেও যাত্রীদের পথে পথে আটকে তল্লাশির নামে হয়রানি করা হয়েছে। গণমাধ্যম ও জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচয়পত্র দেখালেও তাঁদের ঢাকায় ঢুকতে দেয়নি পুলিশ।
নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া এবং মুন্সিগঞ্জে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ঢাকার কেরানীগঞ্জে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
নারায়ণগঞ্জে পথে পথে তল্লাশি: নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের সুলতানা কামাল, কাঞ্চন ও শীতলক্ষ্যা সেতু (কাঁচপুর), মেঘনা সেতু টোল প্লাজা, শিমরাইল, সাইনবোর্ড মোড়, মদনপুর, পাঁচরুখী এলাকায় গতকালও বিপুলসংখ্যক পুলিশ যানবাহনের যাত্রী ও পথচারীদের তল্লাশি চালায়। শহরের চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট এবং পাগলা এলাকায়ও পুলিশের তল্লাশি চৌকি বসে। কয়েকটি স্থানে র্যাবের সদস্যরা পৃথক তল্লাশি চৌকি বসান। মহাসড়কে ছিল সেনাবাহিনীর সদস্যদের টহল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধায় ব্যস্ততম দুটি মহাসড়কে গণপরিবহন ছিল না বললেই চলে।
দুটি বুড়িগঙ্গা সেতুতে প্রহরা: সকাল থেকে রাজধানীর প্রবেশমুখ পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতু ও নয়াবাজারে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে পুলিশের তিন স্তরের নিরাপত্তা বলয় ছিল। লাঠিসোঁটা হাতে ছিলেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। তাঁরা কোনো ধরনের যানবাহনকে সেতু পার হতে দেননি। এমনকি কেউ হেঁটে যেতে চাইলেও তাঁকে রাজধানীতে ঢুকতে দেননি।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ইসরাফিল হায়দার বলেন, ‘আমি মিটফোর্ড হাসপাতালের অফিস সহকারী। পুলিশের বাধার কারণে গত দুই দিন হাসপাতালে যেতে পারিনি। আজ (গতকাল) সকালে কদমতলী এলাকায় পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখালেও তাঁরা আমাকে যেতে দেননি।’
ভোগড়া বাইপাস মোড়ে এসেই বন্ধ: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে রিকশা, অটোরিকশা চললেও কোনো বাস চলতে দেওয়া হয়নি। সদর উপজেলার ভোগড়া বাইপাস মোড়ে এলেই যানবাহন আটকে দেয় পুলিশ।
বিচ্ছিন্ন মুন্সিগঞ্জ: গতকালও মুন্সিগঞ্জ শহর, লৌহজং, মাওয়া ঘাট, সিরাজদিখান, টঙ্গিবাড়ী ও শ্রীনগর থেকে কোনো বাস চলেনি। মুক্তারপুর ও ধলেশ্বরী সেতু এবং মাওয়া ঘাটে পুলিশ চৌকি বসিয়ে ব্যাপক তল্লাশি চালায়।
হামলা-সংঘর্ষ: গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী জিঞ্জিরা ফেরিঘাটে জড়ো হন। স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে সাতজনকে মারধর করেন।
সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ বাধা দেয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা করে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
চলেনি লঞ্চ: ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে জানা গেছে, গতকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। কোনো লঞ্চ আসেনি।
মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গতকালও ফেরি ও লঞ্চ চলাচল করেনি। নারায়ণগঞ্জে খুব কম লঞ্চ চলাচল করেছে। সকালে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পুলিশ গিয়ে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টঙ্গী (গাজীপুর) ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি]