ঢাকার পথে শীতাতপনিয়ন্ত্রিত মৈত্রী এক্সপ্রেস

আজ বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে শুক্রবার কলকাতা থেকে যাত্রা শুরু করেছে শীতাতপ নিয়ন্ত্রিত মৈত্রী এক্সপ্রেস ট্রেন। কলকাতার পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি এত দিন পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত ছিল না। এতে বাড়ানো হয়েছে কোচের সংখ্যা।
কলকাতার পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র বলেন, মৈত্রী ট্রেনে থাকছে ১০টি কোচ। চারটি এসি প্রথম শ্রেণি, চারটি এসি প্রথম শ্রেণির চেয়ার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। ১০ কোচে এখন ৪৫৬ জন যাত্রী চলাচল করতে পারবেন। সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ঢাকার পথে ছাড়ে।
দিল্লিতে ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু রিমোট কন্ট্রোলে নতুন মৈত্রী ট্রেনের সূচনা করেন। এরপর কলকাতা স্টেশনে সবুজ পতাকা নেড়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের ব্যবস্থাপক এস এন আগরওয়াল। ট্রেনে রয়েছে ৩৫৬ জন যাত্রী।
২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী এই মৈত্রী এক্সপ্রেস ট্রেন।