ঢাকার পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পরিকল্পনা প্রণয়নে আবাসন কোম্পানি, রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা প্রণয়নে গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ না করে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় এখানে সুশাসনের তীব্র অভাব লক্ষ করা যাচ্ছে।
গতকাল শনিবার ‘আগামী প্রজন্মের ঢাকা: আমাদের করণীয়’ শীর্ষক গবেষণাভিত্তিক সম্মেলনে ‘সুশাসন’ বিষয়ক একটি প্রতিবেদনে এই কথা বলা হয়। রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন। সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন পরিকল্পনাবিদ গোলাম মরতুজা। সম্মেলন আয়োজনে সহযোগিতা দিয়েছে ঢাকার জার্মানির দূতাবাস।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগে ভাগ করার উদ্দেশ্য করপোরেশনে সরকারের কর্তৃত্ব বাড়ানো। নাগরিক-সুবিধা বাড়ানো উদ্দেশ্য ছিল না। ঢাকায় নাগরিকসেবা প্রদানে সুশাসনের বাস্তবচিত্র অসন্তোষজনক ও অকার্যকর। এর কারণ সেবা প্রদানকারী সংস্থার আর্থিক সংকট, মেয়র-কাউন্সিলরদের সেবা প্রদানের মনোভাবের অভাব, ঠিকাদারদের দুর্নীতি, প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব, কর্মকর্তাদের অনভিজ্ঞতা ও দক্ষতার অভাব, কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারের মধ্যে সমন্বয়ের অভাব, সেবা প্রদানকারী সব সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব।
প্রতিবেদনে বর্তমান পরিস্থিতি উত্তরণে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। যেমন: পুলিশসহ সব সেবা প্রদানকারী সংস্থাকে সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসা, মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া, রাজউককে সিটি করপোরেশনের আওতায় আনা এবং নিয়মিত ও সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান করা। তা ছাড়া সিটি করপোরেশনকে নগর সরকার হিসেবে গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়। প্রতিবেদনে ‘জাতীয় নগরনীতি’ অনুমোদনে সরকারের প্রতি সুপারিশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার নাগরিকেরা নাগরিক-সুবিধা পেতে চান। তবে কর দিতে চান না। নাগরিকদের কর দেওয়া উচিত। আদায়কারী কর্তৃপক্ষকেও তৎপর হওয়া উচিত। কেননা, সিটি করপোরেশন নিজের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকার মোট বাজেটের এক-তৃতীয়াংশ মাত্র কর থেকে আসে। বাকিটা অনুদান বা সরকারের কাছ থেকে আসে।
প্রতিবেদনের ওপর আলোচনা করেন সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, ক্ষমতাসীনেরা ঢাকার ক্ষমতা ছাড়তে চায় না। ফলে দেখা গেছে করপোরেশনের মেয়র তাঁর ক্ষমতা কেবল ঝাড়ুদারদের ওপর ছাড়া আর কোথাও ব্যবহার করতে পারেন না। তিনি দাবি করেন, নির্বাচনে পরাজয় হবে এমনটা ভেবে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হচ্ছে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি গোলাম রহমান। উপস্থিত ছিলেন পরিকল্পনাবিদ জাহিদ হোসেন খান ও পরিকল্পনাবিদ গোলাম মঈনুদ্দিন।