ঢাকার পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হলো হারুনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেজামী ইসলামী পার্টির (একাংশ) সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের ছেলে হারুন ইজাহারকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরমধ্যে রাজধানীর পল্টন থানার তিনটি এবং মতিঝিল থানার দুটি মামলা রয়েছে।

গত ৫ মে হেফাজতের ঢাকা অবরোধের দিন তাণ্ডবের ঘটনায় পুলিশ এসব মামলা করে। এসব মামলায় হারুনকে গ্রেপ্তার দেখানোর আদেশ গত সোমবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ নুর মোহাম্মদ সোহেল।

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, হারুনকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকার মামলাগুলোয় রিমান্ড চাওয়া হবে। এর আগে আদালত খুলশী থানার দুটি মামলায় (বিস্ফোরক ও অ্যাসিড আইনের মামলায়) পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এক মামলায় ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে আছেন।

হারুনের আইনজীবী আবদুস সাত্তার দাবি করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁকে আরও পাঁচটি মামলায় জড়ানো হয়েছে।

৭ অক্টোবর চট্টগ্রামের শহরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় খুলশী থানায় তিনটি মামলা করে পুলিশ। তিনটিতেই হারুন ও তাঁর বাবা মুফতি ইজাহারুল ইসলাম এজাহারভুক্ত আসামি। ওই মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার এখনও পলাতক রয়েছেন।