ঢাকার পার্ক ও মাঠ দানব-রাক্ষসের কবলে: সাঈদ খোকন
ঢাকা শহরের পার্ক ও খেলার মাঠগুলো ‘দানব ও রাক্ষসেরা’ খেয়ে শেষ পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ সোমবার দুপুরে ডিএসসিসির নগর ভবনে এক প্রদর্শনী ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ডিএসসিসির ৩১টি পার্ক ও খেলার মাঠের উন্নয়নের খসড়া পরিকল্পনা চূড়ান্ত করতে এই প্রদর্শনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। জরাজীর্ণ পার্ক ও ব্যবহার অনুপযোগী খেলার মাঠগুলো উন্নয়নের পর কেমন হবে তা সভায় উপস্থাপন করা হয়। ‘জল সবুজে ঢাকা’ শিরোনামে এই উপস্থাপনা করে স্থাপত্য প্রতিষ্ঠান সাতত্য অ্যান্ড জেপিজেড ও তার সহযোগী প্রতিষ্ঠান।
সাঈদ খোকন বলেন, ঢাকা শহরের অধিকাংশ খেলার মাঠ ও পার্কগুলো অবৈধভাবে দখল করে রেখেছে ওই দানব ও রাক্ষসেরা। ফলে শহরের শিশু-কিশোরদের খেলাধুলার পর্যাপ্ত মাঠ নেই ৷ অথচ তাদের শারীরিক বিকাশের জন্য খেলার মাঠ অত্যন্ত জরুরি। শিশু-কিশোরদের এই অধিকার ফিরিয়ে দিতে ৭০ জন স্থপতি কাজ করছেন। ২০১৭ সালের মধ্যে এই ৩১টি পার্ক ও খেলার মাঠ আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, দেশ-বিদেশের বিভিন্ন জরিপে ঢাকা বসবাসের অযোগ্য শহর বলে বিবেচিত হয়েছে। কিন্তু এই ঢাকাকে বাঁচিয়ে তুলতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা বাস্তবায়নের পর রক্ষণাবেক্ষণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই মিলে তা মোকাবিলা করতে হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের ধারণার পরিবর্তন ঘটবে। এসব স্থানে ফ্রি ওয়াইফাই ও ক্লোজ-সার্কিট ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পার্কের মধ্যে খেলার মাঠ রয়েছে। ঢাকা শহরে এ ধরনের উদ্যোগ নিতে হলে আগে মানুষের আস্থা অর্জন করতে হবে। কারণ, খেলার মাঠে শিশুপার্ক নির্মাণ করা হলে, মাঠ হারিয়ে যাওয়ার আশঙ্কা করছে মানুষ। এ জন্য আগে মাঠগুলো সংস্কার করা দরকার। তিনি বলেন, ঢাকা শহর যত সুন্দর করা হবে, মানুষের আগমন তত বাড়বে। সবার আগে জনবান্ধব ফুটপাত তৈরি করতে হবে। মাঠ, পার্কের চারপাশ উন্মুক্ত রাখতে হবে। ডিএসসিসির এই প্রকল্পগুলো বাস্তবায়নে দেশের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে। নগরবাসীর ওপর এর প্রভাব পড়তে দেওয়া যাবে না।
স্থপতি রফিক আজম বলেন, ঢাকা শহরের পার্ক সবুজায়ন করতে হলে কাঠ গাছের পরিবর্তে ফল গাছ লাগাতে হবে। এতে পাখিদের অভয়াশ্রম তৈরি হবে। খেলার মাঠ সবুজ রাখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘাস চাষ করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের পর তিন বছর পর্যন্ত রক্ষা করতে হবে। এতে মানুষের মধ্যে মাঠ-পার্ক ব্যবহারে পরিবর্তন ঘটবে। কেউ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবে না।
সেবা দেওয়ার নামে পানির পাম্প এবং ময়লা রাখার স্থান নির্মাণ করে শহরের পার্ক ও খেলার মাঠগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন স্থপতি ইকবাল হাবিব। বিভিন্ন পার্ক ও মাঠের বর্তমান চিত্র ও তা সংস্কারের পরের অবস্থা নিয়ে আলোকপাত করেন তিনি।
মতবিনিময় সভা শেষে ওই ১০টি খেলার মাঠ ও ২১টি পার্কের নতুন নকশা প্রদর্শনীর উদ্বোধন করেন সাঈদ খোকন। এ সময় ডিএসসিসির বিভিন্ন কর্মকর্তা ও স্থপতি উপস্থিত ছিলেন ৷