ঢাকার প্রবেশমুখে বাড়তি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় সতর্ক পাহারায় পুলিশ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় সতর্ক পাহারায় পুলিশ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। কোথাও কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের তত্পরতা লক্ষ করা গেছে।
নাশকতামূলক পরিস্থিতি ঠেকাতে সকাল থেকে এসব প্রবেশমুখে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সদরঘাট, কেরানীগঞ্জে ভোর ছয়টা থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের হাজির হতে দেখা যায়। কদমতলি, ইকোরিয়া, জনি টাওয়ার, ঘাটারচরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী রয়েছেন। বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতুর কাছে পুলিশ মোতায়েন রয়েছে। বেলা ১১টা পর্যন্ত বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের দেখা যায়নি।
ঢাকায় প্রবেশের মুখে গাবতলী-আমিনবাজারে বিএনপি-জামায়াতের কর্মীদের কোনো মিছিল বা সমাবেশ দেখা যায়নি। তবে গাবতলী বাসস্ট্যান্ড ও আমিনবাজারে রাস্তার দুই ধারেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন রয়েছে। মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা গাড়ির সংখ্যাও কম।

হানিফ এন্টারপ্রাইজের কর্মকর্তা সাইদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গাড়ির সংখ্যা ৫০টি কমিয়ে দেওয়া হয়েছে। গাবতলী বাস টার্মিনাল ফাঁড়ির একজন কর্মকর্তা এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, এখন পর্যন্ত এ এলাকায় কোনো মিছিল সমাবেশ হয়নি।

গাজীপুর থেকে ঢাকায় প্রবেশের মুখে আবদুল্লাহপুর ও স্টেশনরোডে দিনের তুলনায় একটু বেশি পুলিশ মোতায়েন রয়েছে। যানবাহন চললেও সংখ্যায় বেশ কম। গাজীপুর চৌরাস্তায় বিএনপি ও এর সগযোগী সংগঠনের নেতারা জড়ো হচ্ছেন। এখানে দুপুরে সমাবেশ হওয়ার কথা।

প্রতিবেদন তৈরি করেছেন মহিউদ্দীন ফারুক, ঢাকা; ইকবাল হোসেন কেরানীগঞ্জ (ঢাকা) ও মাসুদুল আলম, টঙ্গী (গাজীপুর)