ঢাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানের দাবি
ঢাকার অবহেলিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ওপর নজর দিয়ে সব সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সংহতি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ আহ্বান জানায় সংগঠনটি। সংগঠনের সভাপতি এ এস এম আতীকুর রহমান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কামাল আতাউর রহমান, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ইনামুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এখন গরিবের স্কুল নামে পরিচিত। এই স্কুলগুলোকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয় না। ফলে এখানে সংকট বেড়েই চলেছে।সমস্যা সমাধানে প্রতিটি বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত আসবাব, শ্রেণীকক্ষ ও অবকাঠামো নির্মাণ, ব্যবস্থাপনা কমিটিকে কার্যকর করাসহ আট দফা দাবি জানানো হয়।