ঢাকার ফুটপাত ও সরকারি জায়গায় যত দলীয় দখল
ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের হিসাব অনুযায়ী, উত্তরে ৬৭টি এবং ৩৯টি অবৈধ রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের কার্যালয় আছে। এর সবই সরকারি জমি দখল করে করা।সিটি করপোরেশনের তালিকা অনুযায়ী, উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন রোডে শ্রমিক লীগ, ৬ নম্বর সেক্টরের বিডিআর মার্কেটের সামনে হকার্স লীগ, খিলক্ষেত বাজারে আওয়ামী লীগ, নিকুঞ্জে শ্রমিক লীগ এবং রেললাইনের পাশে বিশ্বরোডে শ্রমিক লীগের কার্যালয় করা হয়েছে।একইভাবে ফুটপাত ও সরকারি জায়গায় মিরপুরে সনি সিনেমা হলের পূর্ব দিকের রাস্তার পাশে, মিরপুর ১ নম্বর সেকশনে, মিরপুর ১২ নম্বর বাস ডিপো, বিআরটিসি অফিসের পেছনে আওয়ামী লীগের তিনটি কার্যালয় রয়েছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বনানী রেলক্রসিংয়ের পূর্ব দিকে সরকারি জমি দখল করে আওয়ামী লীগের কার্যালয় তৈরি করা হয়েছে। এর পাশেই শহীদ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নামের আরেকটি সংগঠনের কার্যালয়। তবে দুটি কার্যালয়েই তালা ঝুলছিল।কার্যালয়ের পাশেই নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক সমর্থক বলেন, দল ক্ষমতায় আছে বলে কেউ এই কার্যালয়টি নিয়ে প্রশ্ন তোলেনি। তবে আলাদা একটি স্থানে কার্যালয়টি স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।একইভাবে বনানীর চেয়ারম্যানবাড়িতে ফুটপাত দখল করে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের চেয়ারম্যানবাড়ি ইউনিট কার্যালয় তৈরি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কার্যালয়টিও তালা দেওয়া ছিল।মহাখালী রেলক্রসিংয়ের পাশে রেলের জায়গা দখল করে ঢাকা বিভাগ শ্রমিক লীগের কার্যালয় তৈরি করা হয়েছে। গতকাল সেখানে গেলে কার্যালয়ে থাকা শ্রমিক লীগের কর্মী আমির হোসেন রেলের জমিতে এ কার্যালয়টি তৈরির কথা স্বীকার করেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে রাতে এসে নেতাদের সঙ্গে কথা বলতে বলেন।আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের পাশে সিটি করপোরেশনের জমি দখল করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুবদলের আলাদা কার্যালয় করা হয়েছে। স্থানীয় কয়েকজন দোকানদার জানান, সাধারণত রাতে এসব কার্যালয়ে নেতা-কর্মীরা আসেন। আওয়ামী লীগের কার্যালয়ে গেলে আবদুর রহিম নামের এক সমর্থক জানান, জায়গা ফাঁকা ছিল, তাই কার্যালয় করা হয়েছে। এখনো কেউ উচ্ছেদের জন্য আসেনি।সরকারি জমি দখল করে রাজনৈতিক কার্যালয় স্থাপনের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো কার্যালয় যে অবৈধ জমিতে নেই, তা হলফ করে বলব না। তবে অবৈধ জমিতে কার্যালয় না করার বিষয়ে আমাদের নির্দেশনা দেওয়া আছে।’ অবৈধভাবে কার্যালয় করার অভিযোগ পেলে ওই কমিটির বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।দক্ষিণে ৩৯টি অবৈধ কার্যালয়: দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ১-এ পরিবাগ মসজিদের সামনে রয়েছে রিকশা শ্রমিক লীগ পরিবাগের কার্যালয়। অঞ্চল ২-এর অধীনে খিলগাঁও জোড়পুকুর মাঠের সামনে বঙ্গবন্ধু যুব পরিষদ, সবুজবাগে আওয়ামী লীগ, রাজারবাগ বড়দেশ্বরী মন্দিরের সামনে আওয়ামী লীগ, দক্ষিণ মুগদাপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ, স্টেডিয়ামের কাছে ওয়ার্ড ছাত্রলীগের কার্যালয় আছে।সিটি করপোরেশনের তালিকা অনুযায়ী, অঞ্চল-৩ এলাকায় রসুলবাগ পার্ক এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের; পলাশী বাজারের ভেতরে পলাশী বাজার সমিতি ও আওয়ামী লীগের, বেড়িবাঁধ বাগানবাড়িতে যুবলীগের কার্যালয় করা হয়েছে। অঞ্চল ৪ ও ৫-এও এমন বেশ কটি কার্যালয়কে চিহ্নিত করেছে সিটি করপোরেশন। এর বাইরেও রাজধানীর বিভিন্ন ফুটপাত ও সরকারি জায়গায় এ ধরনের অনেক অফিস রয়েছে বলে ডিসিসি সূত্রে জানা গেছে।ডিসিসি দক্ষিণে সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, সরকারের পতিত কোনো জায়গায় প্রথমে রাজনৈতিক দল বা সংগঠনের একটি সাইনবোর্ড ঝোলানো হয়। কয়েক দিন পর সেখানে অস্থায়ী ঘর তুলে আড্ডা বসে। এর ফাঁকে স্থাপনা শক্ত করা হয়। ধীরে ধীরে একটি-দুটি করে আশপাশে দোকান তুলে তা ভাড়া দেওয়া হয়। আর রাজনৈতিক কর্মসূচির নামে বিভিন্ন সময় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলা হয়।গোপীবাগ রেলক্রসিংয়ের পাশে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়। সরকারি জমি দখল করে এসব কার্যালয় স্থাপন করা হয়েছে। গত সোমবার সরেজমিনে আওয়ামী লীগের কার্যালয়ে দেখা গেছে, দলের নেতা-কর্মীরা ওই কার্যালয়ে বসে লুডু খেলছেন।অবৈধ কার্যালয়ের বিষয়ে জানতে চাইলে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সুলতান মিয়া সরকারি জমি দখল করে কার্যালয় করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘তিন বছর আগে এখানে রাজনৈতিক কার্যালয়ের অফিস করা হয়েছে। তবে আরও ভালো জায়গা পেলে চলে যাব।’দক্ষিণ মুগদাপাড়া ৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অফিসার্স কোয়ার্টার ও ওয়াসার পানি সরবরাহ কেন্দ্রের মাঝে একটি স্থানে সরকারি জমিতে আওয়ামী লীগের সুসজ্জিত কার্যালয়। স্থায়ীভাবে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে।এ কার্যালয়ের বিষয়ে জানতে চাইলে কার্যালয়ের তত্ত্বাবধায়ক দক্ষিণ মুগদাপাড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদের মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে কথা বলতে বলেন। তবে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে শামিম আহমেদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।পরিবাগ মসজিদের সামনে ফুটপাতের ওপর টিন দিয়ে কার্যালয় নির্মাণ করেছে রিকশা শ্রমিক লীগ। পরপর দুই দিন গিয়েও সেখানে কাউকে পাওয়া যায়নি। কার্যালয়টিতে তালা লাগানো ছিল। কার্যালয়ের পাশে এক খাবারের দোকানদার বলেন, ‘আগে এইটা যুবলীগের অফিস আছিল। হেগো থাইকা শ্রমিকরা নিছে।’মালিবাগ রেললাইনের পাশে রেলের জমির ওপর কার্যালয় নির্মাণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ। সেখানে গেলে কার্যালয়ের তত্ত্বাবধায়ক রায়হান মিয়া দাবি করেন, এ কার্যালয় সরকারের অনুমতি নিয়েই করা হয়েছে।জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন দাবি করেন, তাঁদের সংগঠনের কোনো অবৈধ কার্যালয় নেই। তবে অবৈধ কার্যালয় স্থাপনের অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।