সড়ক দুর্ঘটনায় মেডিকেল ছাত্রী নিহত, বিক্ষোভ

রাজধানীর বংশাল থানার নর্থসাউথ রোড এলাকায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাদিয়া হাসান (২২) নামের এক মেডিকেল ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ছাত্রীর মা শাহীনা সুলতানা।
সাদিয়া ন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনার পর ওই কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সাদিয়া ও তাঁর মা রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর স্টেশনে আসেন। সেখান থেকে অটোরিকশায় করে তাঁরা সাদিয়ার হোস্টেলে যাচ্ছিলেন।
হাসপাতালে সাদিয়ার মা শাহীনা জানান, আল রাজ্জাক হোটেলের সামনে যাত্রীবাহী একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। আহত অবস্থায় মা-মেয়েকে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, সাদিয়ার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
এদিকে সাদিয়ার মৃত্যুর খবর কলেজে ছড়িয়ে পড়লে হত্যাকারীর বিচারের দাবিতে বেলা একটার দিকে কলেজের শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন। তাঁরা সড়কে বসে বিক্ষোভ করেন এবং ঘাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় আশপাশের সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে তাঁরা মিছিল করে কলেজে ফেরত যান। সেখানে তাঁরা হত্যাকারী গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ করেন কলেজের অধ্যক্ষ এম এ বাশার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ঘাতক বাসচালককে গ্রেপ্তারে লালবাগ জোনের উপকমিশনারের সঙ্গে তিনি নিজে কথা বলেছেন।
সাদিয়ার রুমমেট সাবিহা শিকদার প্রথম আলোকে বলেন, ‘সাদিয়া আমার রুমমেট ছিল, বন্ধু ছিল। তাঁকে যে হত্যা করল, তার ফাঁসি চাই।’
সাদিয়া ইসলাম নামের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘যে বাসচালক সাদিয়া আপুকে হত্যা করল, এখনো সে গ্রেপ্তার হয়নি। আর কত সাদিয়ার জীবন গেলে রাস্তাঘাটে যত্রতত্র সড়ক দুর্ঘটনায় মৃত্যু থামবে।’
লালবাগ জোনের অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন প্রথম আলোকে বলেন, বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।