ঢাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন
ঢাকা শহরকে বন্যা থেকে বাঁচাতে শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই বন্যানিয়ন্ত্রণ বাঁধ নিয়মিত তদারক করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দুটি পরিদর্শক দল এ কাজ করছে। ঢাকা বন্যার আশঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত পরিদর্শন চলবে।
পরিদর্শক দল দুটি প্রতিদিন বিভিন্ন এলাকা ঘুরে বন্যানিয়ন্ত্রণ বাঁধ, বন্যা রক্ষা দেয়াল, প্রতিরক্ষা কার্যক্রম ও স্লুইসগেট পরিদর্শন করছে। পানির উচ্চতা ও চাপের পরিমাণ বিবেচনা করে স্লুইসগেটগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাউবো জানায়, ঢাকার পশ্চিমে ১৩৬ বর্গকিলোমিটার এলাকায় আছে ৩২ দশমিক ২০০ কিমি বাঁধ, ৩ দশমিক ৮ কিমি রক্ষা দেয়াল ও ৫১টি স্লুইসগেট। পূর্ব দিকে আছে সমন্বিত বাঁধ ও রেলপথ।
পরিদর্শন কাজের সমন্বয়ক পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রেফাত জামিল বলেন, ‘ঢাকা বন্যার আশঙ্কায় রয়েছে। ঘূর্ণিঝড় ও স্রোতের আঘাতে প্রতিরক্ষা বাঁধ ও দেয়ালের কোনো ক্ষতি হচ্ছে কি না, সে বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ অবস্থা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি।’