শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ঢাকা মহানগরের বর্তমান সংকটের মূল কারণ রাজনৈতিক অস্থিরতা। আর অস্থিতিশীল রাজনীতির কারণে অর্থনৈতিক উন্নয়নও ব্যাহত হচ্ছে। যার ফলে নগরের সাধারণ মানুষকে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।গতকাল শনিবার ‘নাগরিক জীবনে সংকট ও ঢাকা নগরের ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ গোলটেবিল আলোচনার আয়োজন করে নাগরিক সংগঠন ‘জনগণের ঢাকা আন্দোলন’। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার বিশুদ্ধ পানি সরবরাহের নামে পানি বাণিজ্যিকীকরণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। রাজধানীবাসীর চাহিদা মেটাতে মেঘনা বা ব্রহ্মপুত্র থেকে পানি আনার চেয়ে বুড়িগঙ্গা বা শীতলক্ষ্যাকে নতুন করে জীবন দিতে খরচ অনেক কম বলে মনে করেন তিনি।সভাপতির বক্তৃতায় আয়োজক সংগঠনের আহ্বায়ক পানি বিশেষজ্ঞ ম. ইনামুল হক বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য করতে আমরা অনেক দিন যাবৎ আন্দোলন করে আসছি। নাগরিকসেবা নিশ্চিত করতে আগামী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে আমাদের করে নতুন আন্দোলন করতে হবে।’আলোচনায় বক্তারা ম. ইনামুলকে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ও নাগরিক সমাজের পক্ষ থেকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ থেকে মেয়র প্রার্থী বলে উল্লেখ করেছেন। তাঁরা বলেন, রাজধানীর এ সংকট নিরসনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন একটি বড় ভূমিকা রাখতে পারে। এ জন্য যোগ্য জনপ্রতিনিধিকে নির্বাচনের জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। ম. ইনামুল হকের কথা উল্লেখ করে ইতিহাসবিদ অধ্যাপক আহমেদ কামাল বলেন, ‘আগামী সিটি করপোরেশন নির্বাচনে আমরা এমন একজন প্রার্থীর পাশে থাকব, যিনি ভোটে বিজয়ী হলে নৈতিকতায় বিজয়ী হবেন।’