নিজস্ব আইনে বিদ্রোহের বিচার আট-নয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে মনে করছে বিডিআর। তবে বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এ সময়ে ঢাকার বাইরের বিচার শেষ হলেও সদর দপ্তরের বিচার শেষ করতে আরও কিছু বেশি সময় লাগতে পারে।বাংলাদেশ রাইফেলস আদেশ, ১৯৭২ সংশোধনের কারণে বিচার দ্রুত শেষ করা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।বিডিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিলখানা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ৬০টি স্থানে বিদ্রোহের ঘটনা ঘটে। এসব ঘটনায় এ পর্যন্ত ছয়টি বিশেষ আদালতে ১৯টি মামলার বিচার শুরু হয়েছে। এর মধ্যে রায় দেওয়ার মাধ্যমে পাঁচটি মামলার নিষ্পত্তি হয়েছে। ১২টি মামলার অভিযোগ গঠন ও একটি মামলার প্রসিকিউশন সাক্ষ্য চলছে। একটি মামলা রায় দেওয়া ও ৪১টি মামলা বিচার শুরুর অপেক্ষায় আছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব ছাড়াও সিআইডি ৮২৪ জন বিডিআর সদস্য ও বাইরের লোকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। প্রচলিত আইনে এ মামলার বিচারিক কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর আইন সংশোধনের ফলে সেক্টরভিত্তিক বিশেষ আদালত গঠন সম্ভব হবে। এতে পরিচালক পদবির সেক্টর কমান্ডার বা সমান পদবির কর্মকর্তা বা উপমহাপরিচালক আদালত পরিচালনা করতে পারবেন। তবে বিডিআরের মহাপরিচালকও কিছু আদালত পরিচালনা করবেন।