ঢাকার বাইরেও খোলা বাজারে চাল বিক্রি করা হবে: খাদ্যমন্ত্রী
ঢাকার বাইরেও শ্রমঘন এলাকা; বিশেষত টঙ্গী, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সাভার এলাকায় ট্রাকে করে খোলাবাজারে চাল বিক্রি বা ওএমএস পরিচালনা করা হবে। চালের মূল্য কমে স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চালানো হবে। আগামী বোরো সংগ্রহ অভিযান পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করার মতো মজুদ সরকারের রয়েছে। খবর বাসসের।গতকাল রোববার খাদ্য অধিদপ্তরের টেনিস গ্রাউন্ডে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির ২০১০-১২ মেয়াদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, সরকারের গুদামে বর্তমানে প্রায় নয় লাখ টন চাল মজুদ রয়েছে। দু-তিন মাসের মধ্যে আরও পাঁচ-ছয় লাখ টন গম আমদানি করা হবে। ওএমএস কার্যক্রম পর্যবেক্ষণ (মনিটরিং) করতে মন্ত্রণালয় থেকে ১৭ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন ট্রাকে বা ডিলারের দোকানে ওএমএসের চালের মান ও বিক্রি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের খাদ্য বিভাগের সচিব বি ডি মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, সমিতির সাবেক সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক তৌফিক-ই-এলাহী। পরে মন্ত্রী নবনির্বাচিত কর্মকর্তাদের হাতে ফুলের তোড়া দিয়ে অভিষিক্ত করেন।