ঢাকার বাইরেও সড়কে শিক্ষার্থীরা
রাজধানীতে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকার মতো দেশের বিভিন্ন জেলায়ও শিক্ষার্থীরা সড়কে নেমেছে। তারা নিরাপদ সড়কের দাবিতে ও ঘাতক চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ করছে। একই সঙ্গে তারা সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করছে। লাইসেন্স ছাড়া যানবাহনকে আটকে দিচ্ছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর

ময়মনসিংহ: বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। তাঁরা মোড়ের তিন দিক থেকে আসা মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক, পিকআপ ভ্যানের চালকের লাইসেন্স যাচাই করছে। লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়া গাড়িগুলোকে আটকে দিচ্ছে। শিক্ষার্থীদের এ অভিযান থেকে বাদ পড়েনি পুলিশ ও সাংবাদিকদের গাড়ি। পুলিশের ভ্যান ও মোটরসাইকেল আটকে লাইসেন্স চাইতে দেখা যায়। লাইসেন্স দেখাতে না পারায় পুলিশের একটি মোটরসাইকেলকে দীর্ঘ সময় আটকে রাখতে দেখা যায়। লাইসেন্স থাকা ইজিবাইক ও রিকশাগুলো সারিবদ্ধভাবে চলাচল করতে অনুরোধ করে শিক্ষার্থীরা। রোগী থাকা একটি ইজিবাইককে শিক্ষার্থীরা নিজেরাই অবরোধস্থল পার করে হাসপাতালের দিকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শহরের বিভিন্ন সড়কে যানবাহন কম দেখা গেছে।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, দেশে ট্রাফিক আইন আছে। কিন্তু আইন প্রয়োগে কঠোরতা না থাকায় মানুষ আইন মানছে না। তারা চায়, দেশের মানুষ প্রত্যেকেই ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করুক।

কুষ্টিয়া: সকাল সাড়ে নয়টার পরপরই শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী কুষ্টিয়া ট্রাফিক কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। সকাল ১০টার মধ্যে সেখানে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়। তাদের হাতে প্ল্যাকার্ড। আবার কেউ কার্যালয়ে বসেই কাগজ–কলমে ফেস্টুন লিখতে থাকে। সেখানে অতিরিক্ত পুলিশও চলে আসে। প্রথমে মানববন্ধনে বাধা দেয় পুলিশ। পরে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ মানববন্ধনের আশ্বাস দিলে পুলিশ বাধা দেয়নি। হাজারো শিক্ষার্থী ঝিনাইদহ-ঈশ্বরদী মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে এক ঘণ্টা মানববন্ধন করে। পরে তারা স্লোগান দিতে দিতে কুষ্টিয়া শহরের সড়কে চলে যায়।

বগুড়া: বেলা ১১টার দিকে সরকারি আজিজুল হক কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের কয়েকশ শিক্ষার্থী শহরের কেন্দ্র সাতমাথায় অবস্থান নেয়। এখানে তাদের সঙ্গে অভিভাবকেরাও যোগ দেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়া শিক্ষার্থীরাও এখানে প্ল্যাকার্ড নিয়ে অংশ নিয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের একটি দল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দিতে শহরের তিনমাথা রেলগেট এলাকার দিকে যায়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাক ভাঙচুর করে। এরপর পুলিশ গিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ফেরার পথে রেলস্টেশনের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাস ভাঙচুর করে। এর ফলে শহরে যান চলাচল কিছুটা ধীর হয়ে আসে।
নোয়াখালী: সকাল ১০টার দিকে নোয়াখালী জিলা স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে শহরের প্রধান সড়কের (মাইজদী-সোনাপুর) পাশে মানববন্ধন করে। কিছুক্ষণ দাঁড়ানোর পর পুলিশ সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করে। পরে বেলা সোয়া ১১টার দিকে নোয়াখালী সরকারি কলেজসহ বিভিন্ন বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে মিছিল নিয়ে শহরের টাউন হলের মোড়ে এসে জড়ো হয় এবং সড়ক অবরোধ করে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তিনটি বাসের কয়েকটি কাচ ভাঙচুর করে। ভাঙা কাচে হাত কেটে গিয়ে দুই শিক্ষার্থী আহত হয়।
খবর পেয়ে সুধারাম থানা-পুলিশের পাশাপাশি পুলিশ লাইন থেকে আসা পুলিশ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা সড়কের অবস্থান ছাড়তে রাজি হচ্ছে না। তাদের দাবি, নৌমন্ত্রীর পদত্যাগসহ তাদের নয় দফা দাবি বাস্তবায়নের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না। এ সময় শিক্ষার্থীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নৌমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

ব্রাহ্মণবাড়িয়া: সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এতে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী যায়। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের হাসপাতাল রোডের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করেনি।
প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলে, ‘আমাদের যে ভাইবোনকে নির্মমভাবে বাসচাপায় হত্যা করা হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঢাকায় নয় দফা দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’
বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগর উপজেলা সদর এলাকায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

দিনাজপুর (বিরামপুর): সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী শহরের লিলিমোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। দিনাজপুর জিলা স্কুল, হলিল্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ শোকাহত দিন শেষ, প্রতিবাদ জানাব’, ‘ছাত্র সমাজ এক হও, অনিয়মের প্রতিবাদ জানাও’, ‘স্বাধীন দেশে বাস করি না, বাস করি লাশের দেশে’, ‘সেভ আওয়ার ফিউচার, অ্যাম আই দ্য নেকস্ট?, ‘খুনি কেন বাইরে আমার বোন কবরে?’।
ঢাকার (কেরানীগঞ্জ): উপজেলায় কদমতলী গোলচত্বর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকার বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা গাড়ির চালকের লাইসেন্স পরীক্ষা করে। লাইসেন্সহীন চালকের গাড়ি আটকে দেয় তারা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা কেউ জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য তাঁরা দায়িত্ব পালন করছেন।

চুয়াডাঙ্গা: বেলা সাড়ে ১০টায় শহরের বড়বাজার শহীদ হাসান চত্বর থেকে বিপুলসংখ্যক পুলিশের বেষ্টনীর ভেতরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ আলাউল ইসলাম সড়ক ও শহীদ রবিউল ইসলাম সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ , ভি জে সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমিসহ শহর ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই; উই ওয়ান্ট জাস্টিস; ফোনের ফোরজি স্পিড নয়, ফোরজি বিচার চাই’—স্লোগান দেয়।

চাঁদপুর: সকাল সাড়ে ১০টা সময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দুটি গাড়ি ভাঙচুর করে। সেখানে পুলিশ তাদের ধাওয়া করলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে শিক্ষার্থীরা শহরের চিত্রলেখা মোড়, মিশন রোড, কালীবাড়ি, শপথ চত্বরে বিক্ষিপ্ত হয়ে ছোট–বড় আরও আটটি যানবাহন ভাঙচুর করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে পুলিশের কাছ থেকে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস পেলে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সাময়িকভাবে অবরোধ তুলে নেয়।
রাজশাহী: পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে জিরো পয়েন্টের রাস্তায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। হাতে নানা প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট দেখা দেয় নগরের প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টসহ আশপাশের সড়কগুলোয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এরই মধ্যেই শিক্ষার্থীরা মানববন্ধনও করে। ঢাকায় বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর স্মরণে তিন মিনিট নীরবতা পালন করে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: সড়কে চলাচলে নিরাপত্তার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মূল ফটকসংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১১টায় চুয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের কয়েক শ শিক্ষার্থী চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবস্থান নেয়। পরে চুয়েটের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন। এ সময় তারা সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়ির লাইসেন্স এবং ফিটনেসের কাগজপত্র পরীক্ষা করে। যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বেলা একটা পর্যন্ত প্রায় ৩০টি গাড়ি তারা আটকে রাখে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, যেসব গাড়িচালকের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

যশোর: বেলা ১১টায় যশোর শহরের দড়াটানা মোড়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। দুপুর ১২টার দিকে মুহূর্তের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যায়। এ সময় জাতীয় পতাকা নিয়ে অনেকে সড়কের ওপরে শুয়ে পড়ে। হাত মাইকে একজন স্লোগান দিচ্ছে। অন্যরা সঙ্গে সুর মেলায়। ‘আমার বোন কবরে, খুনি কেন বাইরে’, ‘ইউ ওয়ান্ট জাস্টিস’, ‘আমরা নয় টাকায় এক জিবি চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’ ‘মুজিব কোট মুজিবকেই মানায় চামচাদের না’ এ রকম লেখা প্লাকার্ড বুকে লাগিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে আসে। এরপর তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে বিচ্ছিন্নভাবে মিছিল করে।
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ, সরকারি সিটি কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, বিসিএমসি, শাহীন কলেজ, দাউদ পাবলিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে কর্মসূচিতে অংশ নেন।
এদিকে যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় মানববন্ধন করেছে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা দুটি ট্রাক আটক করেছিল। এগুলো থানায় আটক আছে। কাগজ পত্র পরীক্ষা করে সঠিক পেলে ছেড়ে দেওয়া হবে।’
বরিশাল: বেলা ১১টায় নগরের চৌমাথা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে শত শত শিক্ষার্থী ন্যায় বিচার চেয়ে স্লোগান দেয়। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা পোশাক ও ব্যাজ লাগিয়ে আন্দোলনে যোগ দেয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির লাইসেন্স দেখতে চায় তারা। বিক্ষোভ চলাকালে বেশ কিছু যানবাহন বিক্ষোভস্থল অতিক্রম করার চেষ্টা করলে তাতে বাধা দেয় শিক্ষার্থীরা। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাকাজে নিয়োজিত যানবাহনগুলো শিক্ষার্থীরাই পার করে দেয়। শিক্ষার্থীরা বরিশাল সড়কে চলাচলরত যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, নগরের বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি পার্কিং করা, অটোরিকশা ও তিন চাকার যানবাহনের স্ট্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি তোলে।

নারায়ণগঞ্জ: সকাল থেকে নগরের চাষাঢ়া মোড় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা নগরে প্রবেশ ও বের হওয়ার সড়কগুলোতে ট্রাক ও বাস দিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি চালায়। সোয়া দুইটা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল
একই দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পড়ে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের কলেজরোডস্থ চারুকলা একাডেমির সামনের রাস্তায় অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ এবং দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ও নিরাপদ সড়কের নিশ্চয়তা প্রদানের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শহরের দ্য বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
টাঙ্গাইল: দুপুর ১২টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলফৈ মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অবস্থান নেয়। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে নিরাপদ সড়ক ও নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। অবরোধ চলাকালে মহাসড়কের দুপাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে যায়। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের। অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা অবরোধকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা শহরের পুরোনো বাসস্ট্যান্ড ও নিরালার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে শহরে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।