ঢাকার বাইরের চিত্র
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকার ব্র্যাক মোড়ে গতকাল হরতাল চলাকালে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ-র্যা বের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
লক্ষ্মীপুর: দলের নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে জেলা শহরের দক্ষিণ তেমুহনী, বাস টার্মিনাল, দালাল বাজার, বটতলী, হাজিরপাড়া এলাকায় ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। একই দাবিতে রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় মিছিল করে জামায়াত-শিবির। এ সময় জেলা শহরের বিসিক এলাকায় পিকেটিংয়ের চেষ্টাকালে চারজন এবং চন্দ্রগঞ্জের একটি বাসা থেকে তিন শিবির কর্মীসহ সাতজনকে আটক করে পুলিশ।
মৌলভীবাজার: রাজনগরে হরতালের সময় হরতাল সমর্থকেরা একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন। অপরদিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার কর্নিগ্রাম এলাকায় যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে দুপুর ১২টার দিকে ছাত্রশিবির রাজনগর উপজেলা শাখার সভাপতি মিছবাহুল হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট: সকালে নগর ও সিলেট-সুনামগঞ্জ সড়কের কয়েকটি স্থানে একাধিক ঝটিকা মিছিল করার চেষ্টা করেন হরতাল আহ্বানকারীরা। এ সময় ধাওয়া করে পুলিশ পাঁচজন শিবির কর্মীকে আটক করে। নগরের বিপণিবিতান, দোকানপাট বন্ধ থাকলেও সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে।
যশোর: নাশকতার আশঙ্কায় পুলিশ ১৩ জনকে আটক করেছে।
মাগুরা: জামায়াত-শিবিরের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর: নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১২টা থেকে ভোর চারটার মধ্যে ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়।