পচা বা অর্ধপচা মাছ তাজা দেখানোর জন্য অসাধু মাছ ব্যবসায়ীরা মাছে বিভিন্ন রং ব্যবহার করছেন। রাজধানীর বাজারগুলোতে বিক্রির জন্য তোলা ৪৭ থেকে ৫৫ শতাংশ রুই, কাতলা, সিলভার কার্প ও তেলাপিয়া মাছে রং পাওয়া গেছে। সম্প্রতি পরিচালিত এক গবেষণায় এ ফলাফল পাওয়া যায়।গতকাল সোমবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎ স্যবিজ্ঞান অনুষদের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষক ও মাৎ স্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক নওশাদ আলম গবেষণায় পাওয়া এ ফলাফল তুলে ধরেন।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থায়নে ‘পোস্ট হারভেস্ট কস্ট রিডাকশন ইন ফিশারিজ অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় দেড় বছরব্যাপী রাজধানীর বিভিন্ন মাছের আড়ৎ ও বাজারে এ গবেষণা চালান নওশাদ আলম। গত জুনে তাঁর এ গবেষণা শেষ হয়।নওশাদ জানান, গবেষণায় দেখা গেছে, পচা বা অর্ধপচা মাছ তাজা দেখানোর জন্য অসাধু মাছ ব্যবসায়ীরা বিভিন্ন রং ব্যবহার করে আসছেন। রুই, কাতলা, সিলভার কার্প, তেলাপিয়া, বেলে, পাবদা, গুলসা, বাতাসি, শোল প্রভৃতি মাছে অধিক হারে রং মাখাতে দেখা গেছে। অনুসন্ধানে রাজধানীর বাজারে বিক্রির জন্য তোলা ৪৭ থেকে ৫৫ শতাংশ রুই, কাতলা, সিলভার কার্প ও তেলাপিয়া মাছে রং পাওয়া গেছে।নওশাদ জানান, মাছে ব্যবহার করা রাসায়নিক ক্রাইসোডাইন ও অলুরা রেডের মধ্যে মানবদেহের পাকস্থলীতে ক্যানসার সৃষ্টিকারী উপাদান রয়েছে বলে প্রমাণিত হয়েছে।