ঢাকার বাতাসে নাইট্রোজেন ডাই-অক্সাইড বৃদ্ধির হার সবচেয়ে বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ১৯৫টি শহরের মধ্যে ঢাকার বাতাসে সবচেয়ে বেশি নাইট্রোজেন ডাই–অক্সাইড বাড়ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত শহরগুলোর তথ্য বিশ্লেষণ করে এ কথা বলেছে।
নাসার হিসাবে, গত নয় বছরে ঢাকার বাতাসে নাইট্রোজেন ডাই–অক্সাইডের পরিমাণ ৭৯ শতাংশ বেড়েছে। দক্ষিণ এশিয়ার ১৩টি শহরের নাইট্রোজেন ডাই–অক্সাইডের পরিমাণ পরিমাপ করে নাসা বলেছে, এই অঞ্চলের শহরগুলোতে সবচেয়ে বেশি হারে এই গ্যাসের পরিমাণ বাড়ছে। দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বেড়ে যাওয়ায় এমনটা ঘটছে।
নাসার বায়ুমণ্ডল-বিষয়ক গবেষক ব্রায়ান ডানকানের নেতৃত্বে একদল গবেষক এই কাজটি করেছে। গত সপ্তাহে আমেরিকান জার্নাল অব জিওগ্রাফিতে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ওই শহরগুলোর চিত্র সংগ্রহ ও তা বিশ্লেষণ করে ওই ফলাফল পেয়েছে গবেষক দলটি।
বিজ্ঞানীরা বলেন, বাতাসে যে কটি উপাদান রয়েছে, তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক ও অপ্রয়োজনীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে অক্সিজেনের পরিমাণ কমে আসে। নিশ্বাসের সঙ্গে নাইট্রোজেন ডাইঅক্সাইড শরীরে গেলে তা নানা ধরনের রোগব্যাধি তৈরি করা ছাড়াও শরীরে অক্সিজেন প্রবেশে বাধা সৃষ্টি করে। ফলে নাইট্রোজেন ডাইঅক্সাইড বেশি আছে এমন এলাকার মানুষের গড় আয়ু কমে যায়।
ঢাকার বাতাসে এই গ্যাস বৃদ্ধির প্রভাব বিষয়ে জানতে চাইলে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আলী হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকার অধিবাসীদের মধ্যে বেশ কয়েক বছর ধরেই সর্দি, কাশি, চোখ জ্বালাসহ নানা ধরনের সমস্যা বাড়তে দেখা গেছে। এর অন্যতম কারণ যে বিষাক্ত নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, তা এই গবেষণাটির মাধ্যমে বোঝা গেল।
অল্প সময়ে এত দ্রুত নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে দক্ষিণ এশিয়ার শহরগুলোতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও পেট্রোকেমিক্যাল শিল্পকারখানার পরিমাণ বেড়ে যাওয়াকে মূলত দায়ী করা হয়েছে। একই সঙ্গে ওই শহরগুলোতে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় জ্বালানি তেল বেশি পরিমাণে পুড়ছে। এতে ওই উপাদানটির পরিমাণ দ্রুতগতিতে বাড়ছে বলে নাসার গবেষণায় উঠে এসেছে।
২০০৫-এর আগে ইউরোপ ও আমেরিকার শহরগুলোতে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছিল। কিন্তু গত নয় বছরে ওই দুই মহাদেশের শহরগুলোতে ওই উপাদানটির পরিমাণ কমতে দেখা গেছে।
নাসার গবেষণায় দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারতের সুরাট ও আহমেদাবাদ। ওই শহর দুটিতে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় সাড়ে চার ও আড়াই শতাংশ কমেছে। খারাপের দিক থেকে ঢাকার পরেই রয়েছে পাকিস্তানের শহর লাহোর। সেখানে ওই উপাদানটির পরিমাণ বেড়েছে প্রায় ৫৩ শতাংশ।