ঢাকার বাসিন্দাদের ১৫ মার্চের মধ্যে তথ্য দিতে হবে পুলিশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সব বাড়ির মালিক ও ভাড়াটেকে তাঁদের তথ্য দিয়ে ১৫ মার্চের মধ্যে পুলিশের সরবরাহ করা ফরম পূরণ করে থানায় জমা দিতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি বলেছে, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন এবং নিরাপদ ঢাকা গড়তে এসব তথ্য হালনাগাদ করে একটি তথ্যভান্ডার করা হবে।
মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গতকাল সোমবার বিশেষ ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপির কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
মানুষ পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না, তারা কেন পুলিশকে তথ্য দেবে—সাংবাদিকদের এ প্রশ্নে ডিএমপির কমিশনার বলেন, ‘অপ্রিয় হলেও সত্য, মানুষ পুলিশকে বিশ্বাস করতে চায় না। এটা হয়েছে পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ ও সহযোগিতার অভাবের কারণে।’ তিনি বলেন, ‘মানুষ মনে করছে, আমার তথ্য পুলিশকে কেন দিব। হয়রানির শিকার হব কি না। মূলত নগরবাসীর নিরাপত্তার জন্যই আমরা এই তথ্য সংগ্রহ করছি। তাদের এসব তথ্য সুরক্ষিত থাকবে। এ জন্য নগরবাসীর দুর্ভোগ হবে না।’
আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর সব বাসায় ফরম পাঠানো হয়েছে। যাঁরা এখনো ফরম পাননি, তাঁরা থানায় যোগাযোগ করে ফরম সংগ্রহ করবেন। তিনি বলেন, প্রতিটি থানাকে তার আওতাধীন প্রত্যেক ভাড়াটে ও বাড়ির মালিকের সব তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। মহল্লা, হোল্ডিং, লেনভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। একজন ভাড়াটে চলে গেলে নিকটস্থ থানাকে তিনি জানিয়ে যাবেন, তাঁর নাম কেটে দেওয়া হবে এবং নতুন ভাড়াটের তথ্য যুক্ত করা হবে।
পুলিশের সরবরাহ করা ফরমে বাড়ির মালিক/ভাড়াটের নাম, পিতার নাম, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা, মোবাইল ফোন, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের নম্বর, পেশা-কর্মস্থল, পরিবারের সদস্যদের নাম, গৃহকর্মীর নাম-ঠিকানাসহ কিছু তথ্য চাওয়া হয়েছে।
সাম্প্রতিক কয়েকটি উদ্ধার অভিযান ও জঙ্গি আটকের ঘটনা উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রতিটি ঘটনায় আমরা দেখেছি, দুর্বৃত্তরা এক থেকে দুই মাস আগে বাড়ি ভাড়া নেয়। নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে আরেক ভাড়া বাসায় চলে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেকের তথ্য পুলিশের জানা প্রয়োজন।
রাজধানীর যানজট নিরসনের বিষয়ে ডিএমপির কমিশনার বলেন, ‘আমরা চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না। রাজধানীজুড়ে ব্যাপক উন্নয়নকাজ চলছে। বছরের পর বছর মগবাজার ফ্লাইওভার নির্মাণকাজ শেষ না হওয়ায় একটি বিরাট অংশে যানজট লেগেই থাকে।’ তিনি সর্বস্তরের মানুষের প্রতি ট্রাফিক আইন মানার আহ্বান জানান। উল্টো পথে গাড়ি চালানোর বিষয়ে তিনি বলেন, ‘সম্প্রতি কয়েকটি মোড়ে সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি আমরা প্রত্যক্ষ করার চেষ্টা করেছিলাম। আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। সমাজের উঁচু স্তরের মানুষেরাই বেশি ট্রাফিক আইন লঙ্ঘন করেন, সাধারণ মানুষ নয়।’
ব্রিফিংয়ের শুরুতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্দেশ্য ও বাস্তবায়ন-বিষয়ক বিভিন্ন তথ্য মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া, গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের কার্যক্রমের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপির বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি থানায় তিন থেকে সর্বোচ্চ নয়টি বিট রয়েছে, যার মোট সংখ্যা হচ্ছে ২৮৭টি। এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে বলে তিনি আশা করেন।
ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার (লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শেখ মুহম্মদ মারুফ হাসান, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মনিরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।