ঢাকার বায়ুদূষণে ইটভাটা বেশি দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার চারপাশের এসব ইটভাটার কালো ধেঁায়ায় বিষাক্ত হচ্ছে রাজধানীর বাতাস l ছবি: প্রথম আলো
ঢাকার চারপাশের এসব ইটভাটার কালো ধেঁায়ায় বিষাক্ত হচ্ছে রাজধানীর বাতাস l ছবি: প্রথম আলো

রাজধানীর বায়ুদূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী ঢাকার আশপাশের ইটভাটা। নরওয়েভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এনআইএলইউর সহায়তায় পরিবেশ অধিদপ্তরের গবেষণায় ঢাকা শহরের বায়ুর গুণগত মানের এই চিত্র উঠে এসেছে। চিকিৎসকেরা বলছেন, এই বাতাস শ্বাস নেওয়ার সময় ফুসফুসে ঢুকে পড়ছে। যার কারণে মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।
গবেষণার ফলাফলের বিষয়ে পরিবেশ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, গবেষণা অনুসারে শুষ্ক মৌসুমে ঢাকা শহরের বস্তুকণা দ্বারা বায়ুদূষণের জন্য ইটভাটা ৫৮ শতাংশ দায়ী। এ ছাড়া সড়ক ও মাটি থেকে সৃষ্ট ধুলা দ্বারা ১৮ শতাংশ, যানবাহনের জন্য ১০ শতাংশ, বিভিন্ন জিনিসপত্র পোড়ানোর জন্য ৮ শতাংশ ও অন্যান্য কারণে ৬ শতাংশ বায়ু দূষিত হচ্ছে। গবেষণার ফলাফলে পরিবেশ অধিদপ্তর ইট তৈরির অদক্ষ পদ্ধতি ব্যবহার না করে পরিবেশবান্ধব জ্বালানিসাশ্রয়ী আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেছে।
বাংলাদেশের ইট নিয়ে বিশ্বব্যাংক পরিচালিত জ্বালানিসাশ্রয়ী আধুনিক প্রযুক্তিবিষয়ক গবেষণায় দেখা যায়, ২০১১ সালে ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা দায়ী ছিল ৩৮ শতাংশ। পরিবেশ অধিদপ্তরের গবেষণার সঙ্গে তুলনা করলে দেখা যায়, গত কয়েক বছরে ঢাকা শহরের বায়ুদূষণের হার বেড়েছে ২০ শতাংশ।
চলতি বছরে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বায়ুদূষণ নিয়ে গবেষণা চালায়। ওই ফলাফলে দেখা গেছে, বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা বেশি আছে—এমন মেগাসিটির তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এই তালিকায় প্রথম ও দ্বিতীয় হচ্ছে দিল্লি ও কায়রো শহর।
পরিবেশ অধিদপ্তরের গবেষণার ফলাফল জানিয়ে মানুষের স্বাস্থ্যে এর ক্ষতিকর দিক কী কী, তা জানতে চাইলে সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ হেলাল উদ্দীন প্রথম আলোকে বলেন, বায়ুদূষণের কারণে মানুষের শ্বাসকষ্ট হতে পারে। যাঁরা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত, তাঁদের এ রোগ বেড়ে যেতে পারে। ফুসফুসে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এ ছাড়া ধুলাবালু থেকে অ্যালার্জি, চুলকানিসহ বিভিন্ন চর্মরোগ হতে পারে। হাঁপানি রোগ দেখা দিতে পারে।
পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, ঢাকার দূষণের জন্য আশপাশের ইটভাটা সবচেয়ে বেশি দায়ী। এসব ভাটায় উচ্চ মাত্রার সালফার ব্যবহার করা হয়। সালফারের পরিমাণ যাচাই না করে এসব ইটভাটায় কয়লা ব্যবহার করতে দেওয়ায় এমনটা ঘটছে। এ ছাড়া অনেক ভাটা টায়ার, প্লাস্টিক ব্যবহার করা করে। এতেও অনেক কার্বন ডাই-অক্সাইড তৈরি হচ্ছে।
ইটভাটা থেকে দূষণ হওয়ার কথা স্বীকার করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মহাসচিব মো. আবু বক্কর। তিনি জানান, ঢাকার আশপাশে ১ হাজারের কিছু বেশি ইটভাটা রয়েছে। তিনি বলেন, ইটের ভাটাগুলোতে চিমনির সঙ্গে একধরনের পানির ঝরনা ব্যবহার করলে এই দূষণ অনেকখানি কমিয়ে আনা সম্ভব। কিন্তু সেটি ব্যয়বহুল হওয়ার কারণে অনেকে এতে আগ্রহী হচ্ছেন না।
দূষণের পাশাপাশি কৃষিজমিও নষ্ট হচ্ছে ইটভাটার কারণে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পরিচালিত গবেষণায় বলা হচ্ছে, একটি ভাটা তৈরি করতে ২ লাখ ৩২ হাজার বর্গফুট জায়গা লাগে। এ ছাড়া ইটভাটার জায়গায় আর চাষাবাদ করা যায় না।
দূষণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারি হিসাবেই দেখা যাচ্ছে, ঢাকার বায়ুদূষণের জন্য ইটভাটা কতটা দায়ী। সেখান থেকেই বোঝা যাচ্ছে দূষণের মাত্রা কতটা ভয়াবহ। এটি রোধে আমাদের বিকল্প ইট তথা মাটি না পুড়িয়ে কীভাবে ইট তৈরি করা যায়, তা সম্পর্কে ভাবতে হবে।’ তিনি আরও বলেন, ইটভাটায় ব্যবহৃত মাটির বেশির ভাগই কৃষিজমির উপরিভাগ (টপ সয়েল) থেকে সংগ্রহ করা হয়। এ ছাড়া ইট প্রস্তুত খাত দেশের গ্রিনহাউস গ্যাসের সবচেয়ে বড় উৎস। এ খাতে বছরে ২২ লাখ টন কয়লা ও ১৯ লাখ টন জ্বালানি কাঠ পোড়ানো হয়, যা বছরে ৮৭ লাখ ৫০ হাজার টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে। যার প্রভাব ঢাকার বায়ুর ওপর পড়ছে।