ঢাকার বিনোদনকেন্দ্রও প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে যাঁরা থাকছেন, তাঁদের অনেকেই সপরিবারে ভিড় করবেন বিনোদনকেন্দ্রগুলোতে। ঈদ সামনে রেখে তাই বিনোদন–কেন্দ্রগুলোতে কয়েক দিন ধরে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার প্রস্তুতি।
রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রের রাইডগুলোর ত্রুটি-বিচ্যুতি সারানো হচ্ছে। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া ঈদের আগের দিন থেকে শুরু করে ছুটির দিনগুলোর রাতে থাকবে আলোকসজ্জা।
শিশুপার্ক: ঈদের ছুটিতে শাহবাগে জিয়া শিশুপার্ক এখনো পছন্দের শীর্ষে। শিশুপার্ক ঈদের তিন দিন সকাল নয়টা থেকে টানা ১২ ঘণ্টা খোলা থাকবে। ইতিমধ্যেই সংস্কারকাজ শুরু হয়েছে।
শিশুপার্কের ব্যবস্থাপক সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ঈদের দিন থেকে পরবর্তী পাঁচ দিন প্রতিদিনই শিশুপার্ক খোলা থাকবে।
মোহাম্মদ নুরুজ্জামান জানান, ঈদের দিন গরিব ও এতিম শিশুরা সব রাইডে বিনা মূল্যে চড়তে পারবে। শিশুপার্ক ঈদের প্রথম চার দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। রাত আটটায় টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে। প্রবেশমূল্য আট টাকা।
জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল: ঈদের দিন খোলা থাকবে জাতীয় জাদুঘর। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, এদিন বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গ্যালারি পরিদর্শনের সুযোগ থাকবে। জাদুঘরে প্রবেশমূল্য ১০ টাকা। তবে ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুরা বিনা টিকিটে জাদুঘর পরিদর্শন করতে পারবে। ঈদের পরদিন বন্ধ থাকবে। ১ আগস্ট থেকে সাধারণ নিয়ম অর্থাৎ বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। পুরান ঢাকার আহসান মঞ্জিল একই নিয়মে খোলা থাকবে।
চিড়িয়াখানা: মিরপুর জাতীয় চিড়িয়াখানায় কয়েক দিন ধরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এবার ঈদে আবহাওয়া ভালো থাকলে গড়ে প্রতিদিন ৭০ থেকে ৮০ হাজার দর্শনার্থী হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার ঈদ প্রস্তুতি সম্পর্কে ডেপুটি কিউরেটর মাকসুদুল হাসান বলেন, ঈদের দিন থেকে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা।
লালবাগ কেল্লা ও জাদুঘর: লালবাগ কেল্লা এবং এর ভেতরের জাদুঘর ঈদের দিন বেলা তিনটা থেকে খোলা থাকবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। পরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যথানিয়মে খোলা থাকবে। এ কথা জানালেন লালবাগ কেল্লার তত্ত্বাবধায়ক সুলতানা জাকিয়া। তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আলো ও শব্দের সমন্বয়ে প্রদর্শনীর আয়োজন থাকবে। লালবাগ কেল্লার প্রবেশমূল্য ২০ টাকা।