ঢাকার বিনোদনকেন্দ্রে ঈদের দিন উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সব আনন্দ যেন ঘোরাঘুরিতে। তা সে আত্মীয়স্বজনের বাড়ি বা গণবিনোদনকেন্দ্র—যেটাই হোক। পরেরটি অবশ্য শিশুসহ তরুণ-তরুণীদেরই টানে বেশি। এ কারণেই ঈদের ছুটিতে রাজধানীতে রয়ে যাওয়া মানুষ সপরিবারে ভিড় জমায় বিনোদনকেন্দ্রগুলোতে। এবারও তার ব্যত্যয় হয়নি।ঈদের ছুটিতে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণে রাজধানীর পার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন জনপ্রিয় বিনোদনকেন্দ্র সরগরম হয়ে উঠেছিল।ঈদের দিন বুধবার দুপুর থেকেই বিনোদনকেন্দ্রগুলোতে শুরু হয় মানুষের পদচারণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। গায়ে নতুন পোশাক চড়িয়ে মা-বাবার হাত ধরে শিশু-কিশোরেরা আসতে শুরু করে শিশুপার্ক ও চিড়িয়াখানায়। বিকেলে এসব এলাকা পরিণত হয় যেন সব বয়সের মানুষের মিলনমেলায়।সবচেয়ে বেশি ভিড় ছিল শাহবাগের শিশুপার্ক, শ্যামলীর শিশুমেলা এবং মিরপুর চিড়িয়াখানায়। শিশুপার্কে ভিড় উপচে পড়ছিল। খরচ কম হওয়া এর অন্যতম কারণ। দুই মেয়েকে নিয়ে শিশুপার্কে এসেছিলেন মিরপুরের মো. সেলিম। তিনি বলেন, ‘সকাল থেকেই মেয়েরা শিশুপার্কে আসার জন্য বায়না ধরেছে। এ জন্য নামাজ পড়েই মেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছি।’বিকেলে শিশুপার্কে মানুষের চাপ বাড়তে থাকে। অনেক অভিভাবক ভিড়ের কারণে বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে গেছেন। হাতিরপুলের মো. শরিফ প্রথম আলোকে বলেন, ‘বিকেলের দিকে দুই ছেলেমেয়েকে নিয়ে শিশুপার্কে গিয়েছিলাম। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে ভেতরে ঢুকতে পারিনি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে।’খুব ভিড় ছিল শ্যামলীর শিশুমেলায়ও। শিশুদের এই বিনোদনকেন্দ্রে আছে ২২টি রাইড। প্রতিটি রাইডে চড়ার জন্য ছিল শিশুদের লম্বা সারি।ঈদের দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত শিশুপার্ক খোলা ছিল। আর শিশুমেলা খোলা ছিল সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত।চিড়িয়াখানা শিশু-কিশোরদের বেড়ানোর জায়গাগুলোর তালিকায় সব সময়ই প্রথম দিকে। ঈদের দিন মিরপুরের চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থীরা জানান, অন্যদিনের তুলনায় ঈদের দিন চিড়িয়াখানার ব্যবস্থাপনা ভালো ছিল।এ ছাড়া গুলশান ও সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ড এবং ঢাকার অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কেও দলে দলে মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগের জন্য ভিড় জমায়।ঈদের আনন্দমিছিল: সামাজিক সংগঠন ঢাকাবাসী বৃহস্পতিবার ঈদুল ফিতরের আনন্দমিছিল বের করে। শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে এ মিছিল শুরু হয়। এতে শিশুরা রং-বেরঙের বেলুন, ব্যানার ও ফেস্টুন নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে অংশ নেয়। এ বছর মিছিলের স্লোগান ছিল ‘নগরকে পরিচ্ছন্ন রাখুন ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা গড়ে তুলুন’।