ঢাকার বুকে একখণ্ড সবুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট–কাঠ–পাথরের এই শহরে বুকভরে নিশ্বাস নেওয়ার এক টুকরো সবুজ উদ্যান পুরান ঢাকার ওয়ারীর বলধা গার্ডেন l ছবি: প্রথম আলো
ইট–কাঠ–পাথরের এই শহরে বুকভরে নিশ্বাস নেওয়ার এক টুকরো সবুজ উদ্যান পুরান ঢাকার ওয়ারীর বলধা গার্ডেন l ছবি: প্রথম আলো

ইটপাথরের ঢাকায় বলধা গার্ডেন এক টুকরো সবুজ। এখানে নানা প্রজাতির গাছের দেখা মেলে। নানা স্মৃতিবিজড়িত স্থানও রয়েছে। এটি পুরান ঢাকার মানুষের জন্য কিছুটা হাঁফ ছেড়ে ঘোরারও জায়গা।
পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত শতবর্ষী এই বলধা গার্ডেন। জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী ১৯০৯ সালে ৩ দশমিক ৩৮ একর জায়গার ওপর বাগানটি প্রতিষ্ঠা করেন। এ বাগানের দুটি অংশ সিবলি ও সাইকি। সিবলি অংশটি সবার জন্য উন্মুক্ত। সাইকি অংশটিতে উদ্ভিদবিদ্যার শিক্ষার্থীদের গবেষণার কাজে ঢুকতে দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের আগে থেকে অনুমতি নিয়ে আসতে হয়।
ফারুক মোল্লা মুন্সিগঞ্জ থেকে একটি কাজে ওয়ারীতে এসেছেন। হাতে খানিকটা সময় আছে। বলধা গার্ডেনের নাম শুনে এখানে ঘুরতে এসেছেন। তিনি বললেন, ‘বাগানটা সুন্দর, ঢাকায় এত সবুজ আছে ভাবাই যায় না। তবে মানুষের চলাচলের নিয়ন্ত্রণ থাকা উচিত।’
আকলিমা আক্তার ছোট ভাইকে নিয়ে এসেছেন বাগানটি দেখতে। তিনি বাগানের দর্শনীয় জায়গাগুলোর প্রশংসা করলেন।
যেহেতু শিক্ষার একটা অংশ এর সঙ্গে জড়িত, তাই এ বাগান ব্যবহারে মানুষের আরও সচেতন হওয়ার কথাও বললেন।
ঢাউস সাইজের পাতা, দেখতে ডালার মতো। এটি দুর্লভ প্রজাতির আমাজন লিলির পাতা। সন্ধ্যা হলেই লিলি ফুটবে। একটি গাছ এক বছর বাঁচে। বাগানের মালি দুলাল হোসেন বলেন, এখানে অনেক প্রজাতির দুর্লভ গাছ রয়েছে। কিছু কিছু গাছ আছে শত বছরেরও পুরোনো। তিনি বললেন, একসময় গাছের বাকলে লেখা হতো। তখন ভুর্জপত্রগাছের ব্যবহার ছিল। সেই গাছ এ বাগানে আছে। বিচিত্র বকুল নামে একটি গাছ আছে, যাতে তিন ধরনের পাতা হয়। এ ছাড়া আছে ক্যামেলিয়া, কণক সুধা, রাজ অশোক, তালিপাম, সুগারপামসহ অনেক দুর্লভ প্রজাতির বিচিত্র বৃক্ষ-লতা-গুল্ম। বিভিন্ন ধরনের ক্যাকটাস নিয়ে আলাদা একটি ক্যাকটাসের বাগানও আছে।
বলধা গার্ডেনে একটি বাঁধানো পুকুরও আছে—শঙ্খ নদ। ঘাটের এক পাশে আছে জয় হাউস। বাগানের ইতিহাসে বর্ণিত অংশে উল্লেখ আছে, এই জয় হাউসে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ক্যামেলিয়া’ কবিতাটি লিখেছিলেন। জয় হাউসের বিপরীত দিকেই আছে সূর্যঘড়ি। তবে এখন আর এর ব্যবহার নেই।
২০ টাকা টিকিটের বিনিময়ে বাগানে ঢুকতে হবে। ঢুকতেই দেখা যায় একটি সংগঠনের সাইনবোর্ড, তাতে লেখা ধূমপানমুক্ত এলাকা। তবে ভেতরে অনেককেই ধূমপান করতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে বন বিভাগের একজন কর্মী বলেন, লুকিয়ে অনেকে সিগারেট নিয়ে থাকতে পারেন।
বন বিভাগের বলধা গার্ডেনের তত্ত্বাবধায়ক বশির আহমেদ বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু গাছপালা দেখাশোনা করা। আমরা চাই মানুষের চলাচল কমাতে। এতে গাছের ক্ষতি হয়।’ চলাচল নিয়ন্ত্রণের জন্য তিনি মন্ত্রণালয়কে বলেছেন, কিন্তু কাজ হচ্ছে না। ইতিমধ্যে অনেক গাছই হারিয়ে গেছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বলধা গার্ডেনে প্রবেশ করা যাবে। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বিনা মূল্যে প্রবেশ করা যায়।