ঢাকার বুকে 'মরূদ্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরকে এভাবেই ‘মরূদ্যান’ বানানোর পরিকল্পনা করেছেন বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বুয়েটের স্থাপত্য বিভাগের চত্বরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪টি নকশার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম স্থান অধিকার করে এই প্রকল্পের নকশা। ছবি: সংগৃহীত
তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরকে এভাবেই ‘মরূদ্যান’ বানানোর পরিকল্পনা করেছেন বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বুয়েটের স্থাপত্য বিভাগের চত্বরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪টি নকশার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম স্থান অধিকার করে এই প্রকল্পের নকশা। ছবি: সংগৃহীত

রাজধানীর বুকে বিশাল লেক। তার চারদিক দিয়ে হাঁটার ব্যবস্থা। একপাশে চাষ করার জমি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার সুযোগ নেই। কারণ কিছু দূর পর পর রয়েছে আকর্ষণীয় জায়গা। দেখলেই মনে কৌতূহল জাগবে-এরপর কী আছে?

চটপটি বা ফুচকার দোকানের বিরক্তিকর ডাকাডাকি নেই। যতক্ষণ ইচ্ছে বেড়ানো যাবে নিশ্চিন্তে। মানুষের ভিড় কমলে বা অন্ধকার ঘনালেও ভয় নেই। রয়েছে পর্যাপ্ত নজরদারি। গাছের আড়ালে অসামাজিক কাজের সুযোগ কম। কারণ এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব সমান। উচ্চতাও সমান। তাই পুরো জায়গাটাই চোখে পড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখেই গাছগুলো সাজানো হয়েছে এভাবে। তাই উদ্যানটি অনেক বিস্তৃত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরা যায় নিশ্চিন্তে।

তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরকে এভাবে ‘মরূদ্যান’ বানানোর পরিকল্পনা করেছেন বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। রাজধানীর অন্যান্য উদ্যানের নিরাপত্তার অভাবের কথা চিন্তা করে পরিকল্পনাকারীরা মরূদ্যানের নকশা এভাবে করেছেন।

সম্প্রতি বুয়েটের স্থাপত্য বিভাগের চত্বরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪টি নকশার প্রদর্শনী হয়। সব কয়টাকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে ‘মরূদ্যান’ প্রকল্প। পরিকল্পনাকারী দলের দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সাদিয়া হুমায়রা। দলের অন্য সদস্যরা হলেন স্থাপত্য বিভাগের বিন সাইদ বাখতি, আহমেদ ইউসুফ ইবনে কবীর খান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শুভদীপ সিংহ ও পুরকৌশল বিভাগের শামিমা নাসরিন। তাঁরা জিতে নিয়েছেন তিন লাখ টাকার পুরস্কার।

জানতে চাইলে সাদিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা রাজধানীর কয়েকটি উদ্যানে জরিপ চালিয়ে দেখেছি, প্রায় সব উদ্যানেই নিরাপত্তার সংকট রয়েছে। কোথাও কোথাও অন্ধকার। কিন্তু এই উদ্যানে এমন কোনো অন্ধকারাচ্ছন্ন স্থান থাকবে না। ভাসমান দোকানগুলোও এমন দূরত্বে থাকবে, যাতে নজরদারি করা যায়। একটু পর পর থাকবে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ। এতে উদ্যান এলাকায় কোনো নিরাপত্তা ত্রুটি থাকবে না।’

সাদিয়া বলেন, ‘গাছপালা পরিবেশ রক্ষা করে, এটা আমরা সবাই জানি, কিন্তু ঘন ও অপরিকল্পিত গাছপালা প্রায়ই অপরাধ করার সুযোগ তৈরি করে। এটাকে আমরা বলি অনাবিষ্কৃত ক্ষেত্র বা ব্লাইন্ড স্পট। কিন্তু গাছপালা এমনভাবেও লাগানো যায় যা আমাদের দৃষ্টিক্ষেত্রকে বাধাহীন রাখবে এবং কোনো ব্লাইন্ড স্পট সৃষ্টি করবে না। উদ্যানটি প্রাকৃতিক দিক থেকেই শুধু সুন্দর না। মানুষ যাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বিঘ্নে সে সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।’

নকশায় দেখানো হয়েছে, মোট ৪২৫ একর জায়গার একটা নির্দিষ্ট অংশজুড়‌ে থাকবে লেক। স্বচ্ছ পানির এই লেক ঘিরে হাঁটাপথ। থাকবে আলাদাভাবে একটা বিমান জাদুঘর, প্রদর্শনীর জায়গা, অ্যাম্ফিথিয়েটার, মনোমুগ্ধকর সংযোগ সেতু। কৃত্রিম পুকুর, খেলার মাঠও বাদ যাবে না। থাকবে গাড়ি রাখার ব্যবস্থা। বিভিন্ন এলাকা দিয়ে মোট ছয়টি প্রবেশপথের একটিতে বড় গাড়ি ঢুকতে পারবে।

ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে শুরু হয়ে প্রবেশপথের একটি রাস্তা গিয়ে মিলবে আগারগাঁওয়ে। এতে এই দুই এলাকার যোগাযোগ আরও জোরদার হবে। প্রস্তাবিত মেট্রোরেলের কথা বিবেচনায় রেখে দুটি মেট্রো স্টেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। যাতে মেট্রো স্টেশনে নেমে হেঁটেই উদ্যানে ঢোকা যায়।

মরূদ্যানের বিশেষ আকর্ষণ হবে কৃষিজমি। কৃষিতে আগ্রহীদের জন্য কিছু জায়গা থাকবে। সেখানে ফলানো হবে সবজি, ফলমূল।

মরূদ্যানের পরিকল্পনাকারী দলের সদস্য বিন সাইদ বাখতি বলেন, ঢাকার মাস্টার প্ল্যান অনুযায়ী, প্রতি এক হাজার নাগরিকের জন্য দুই একর জমি উদ্যান হিসেবে রাখা দরকার। কিন্তু বর্তমানে ঢাকায় প্রয়োজনের তুলনায় মাত্র চার শতাংশ রয়েছে। এই মরূদ্যানটি তৈরি করা হলে বিশাল একটি এলাকায় বনায়ন করা যাবে। ফলে ঢাকায় গাছের চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব। পাশাপাশি শহরের মানুষ একটু দম ফেলার জায়গা পাবে।

প্রতিযোগিতার বিচারক ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিশিষ্ট শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী প্রমুখ। তাঁরা এই পরিকল্পনাটি সম্পর্কে বলেন, এরকম মনোমুগ্ধকর উদ্যান নগরবাসী যেকোনো মানুষের একটি স্বপ্ন।