ঢাকার ভাসমান যুব জনগোষ্ঠী এইচআইভির ঝুঁকিতে
বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের জরিপে দেখা গেছে, ঢাকা শহরের ১৫ থেকে ২৪ বছর বয়সী ভাসমান পুরুষ জনগোষ্ঠীর ৭২ শতাংশেরই যৌনকাজের অভিজ্ঞতা আছে। অনিরাপদ যৌন আচরণের কারণে এরা এইচআইভির ঝুঁকির মধ্যে আছে। গতকাল বৃহস্পতিবার ব্র্যাক সেন্টারে যুব সম্প্রদায়ের প্রজননস্বাস্থ্য ও অধিকারবিষয়ক সেমিনারে জরিপ ফলাফল উপস্থাপন করা হয়। লিংক আপ বাংলাদেশ, মেরী স্টোপস বাংলাদেশ ও পপুলেশন কাউন্সিল যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
পপুলেশন কাউন্সিলের গবেষকেরা বলছেন, ঢাকা শহরে খোলা আকাশের নিচে প্রায় ২০ হাজার যুব জনগোষ্ঠী বসবাস করে। জরিপে এদের ৪৪৭ জনের তথ্য নেওয়া হয়েছে। এদের ২৮ শতাংশ রেলস্টেশনে, ১৫ শতাংশ লঞ্চঘাটে, ৩৬ শতাংশ রাস্তায় ও অন্যান্য স্থানে ২২ শতাংশ বসবাস করে। এদের ৯২ শতাংশ অবিবাহিত, আর বিবাহবিচ্ছেদের পর রাস্তায় এসেছে ১ শতাংশ। এদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাস্তায় বসবাস করা এসব মানুষ গড়ে ১৪ বছর বয়সেই যৌনকাজের অভিজ্ঞতা অর্জন করে।
গবেষকেরা বলছেন, রাস্তার যুব জনগোষ্ঠীর ৯৮ শতাংশই কোনো না কোনো কাজ করে। এদের ৮০ শতাংশ বলেছে, তারা অর্থের বিনিময়ে যৌনকাজ করে। পাশাপাশি ৮৮ শতাংশ বলেছে, বিভিন্ন সময়ে তারাও নানাভাবে যৌন নির্যাতনের শিকার। ৭৭ শতাংশের শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা আছে। অচেনা মানুষ, অন্য যুবক, বাড়ি বা অফিসের নিরাপত্তাকর্মী বা মালিকের হাতে এরা নির্যাতিত হয় বলে জানিয়েছে। এদের ৮ শতাংশ এসটিডি ও ৭৭ শতাংশ এইচআইভি সম্পর্কে শুনেছে। এদের কাজের ও বসবাসের স্থানে মাদকের ব্যবহার যেমন বেশি, তেমনি প্রয়োজনের সময় কনডম তারা পায় না। গবেষকেরা বলছেন, এরা অধিকতর এইচআইভির ঝুঁকির মধ্যে আছে।
অনুষ্ঠানে বলা হয়, লিংক আপ বাংলাদেশ প্রকল্পটি দেশের ১৭টি জেলায় ১০ থেকে ২৪ বছর বয়সী প্রায় তিন লাখ মানুষকে প্রজননস্বাস্থ্যসেবা দিচ্ছে ও অধিকার সম্পর্কে সচেতন করছে। প্রকল্পটি শুরু হয়েছে ২০১৩ সালে, শেষ হবে এ বছরের জুনে।
প্রকল্পের অংশী হিসেবে মেরী স্টোপস বাংলাদেশ প্রজননস্বাস্থ্যসেবা দিচ্ছে, দক্ষতা বৃদ্ধিতে সহায়তা ও স্বাস্থ্যসচেতন করছে। এই প্রকল্পের অংশ হিসেবে পপুলেশন কাউন্সিল যুব জনগোষ্ঠী নিয়ে ওই গবেষণা করেছে। অনুষ্ঠানে লিংক আপ প্রকল্পের সুবিধাভোগীদের ওপর আরও দুটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রব বক্তব্য উপস্থাপন করেন।