ঢাকার ভোটে উদ্বেগ, আতঙ্ক ও সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বেগ, আতঙ্ক আর সহিংসতার মধ্য দিয়ে আজ রোববার সকাল আটটা থেকে ঢাকা বিভাগের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট নেওয়া শুরু হয় । দিনের শুরুতে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম ছিল।

পোলিং এজেন্ট না আসায় অনেক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়। বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত সহিংসতার খবর পাওয়া গেছে।

ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয়ে সকাল আটটা ২০ মিনিটে ভোটার ছিলেন মাত্র দুজন। প্রার্থীদের পক্ষে পোলিং এজেন্ট না আসায় ভোটের কার্যক্রম শুরু করতে পারেননি বলে জানান প্রিসাইডিং অফিসার রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান।

বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী মাহবুবউদ্দিন আহমদ বালিগাঁও উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢুকে অভিযোগ করেন, তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছ। তবে প্রিসাইডং কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কাউকে বের করে দেওয়া হয়নি। দুজন এজেন্ট ছিলেন। একজন চলে গেছেন।  এ সময় কেন্দ্রে উপস্থিত আওয়ামী লীগের প্রার্থী তাসকিন শাকিব জানান, প্রত্যাশার চেয়ে বেশি ভোট পড়ছে। সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। এখানে দুই লাখ ৬৫ হাজার ৭১৪ জন ভোটারের বিপরীতে ১১৯টি কেন্দ্র রয়েছে

শেরপুর: শেরপুর-১ আসনে শেরপুর সরকারি ভিক্টোরিয়া অ্যাকাডেমি কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৬১০ জন। সকাল নয়টা ১০ মিনিট পর্যন্ত ৬৪টি ভোট পড়েছে।

দিঘারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টার দিকে নির্বাচনবিরোধীরা ব্যালট পেপারসহ ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত পুলিশ তাঁদের বাধা দিলে নূরে আলম নামের একজন এসআই আহত হন। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিত্সাধীন। এই কেন্দ্রে ভোট বাতিল করা হয়। পুলিশ চারজনকে আটক করেছে।

শেরপুর-২ আসনে বানেশ্বর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটা ২০ মিনিটে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরী। এই আসনে নালিতাবাড়ী উপজেলার ভুজাপুরা হাতিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আজ সকালে লাল টেপ মোড়ানো চারটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এগুলো ককটেল কি না, পরীক্ষা করার পর বোঝা যাবে। ভোটারদের ভয় দেখানোর জন্য দুর্বৃত্তরা এগুলো ফেলে রেখে যেতে পারে বলে তিনি জানান।

অপরদিকে শেরপুর-২ আসনে নকলা উপজেলার জানকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমদাদ হোসেন নামের আওয়ামী লীগের এক সমর্থককে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট সাদিকুর রহমান ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। কেন্দ্রটিতে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত এক হাজার ৬৩০টি ভোটের মধ্যে ৬৫০টি ভোট পড়েছে।

শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলার গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোররাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ব্যালট পেপারসহ নির্বাচনের সরঞ্জাম পুড়ে যায়। এ কারণে আজ ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। একই আসনে কুড়িকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌনে ১০টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

শ্রীবরদী উপজেলার পোড়াগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের কর্মী বিল্লাল হোসেনের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর: জেলার সরিষাবাড়ীর গাড়াডোবা আলিম মাদ্রাসা ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গতকাল রাতে পুড়িয়ে দেওয়া হয়। জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ কথা জানান।

ময়মনসিংহ: ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের একটি ভোটকেন্দ্রে দুবৃর্ত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকাল ১০টা পর্যন্ত গৌরীপুর উপজেলার কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউগাইল রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর পৌর এলাকার আর কে উচ্চবিদ্যালয়সহ ছয়টি ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই কম।

গাজীপুর: সকাল আটটা থেকে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গত রাতে উপজেলার রাওনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আজ সকাল নয়টার দিকে স্থানীয় তিনশুনিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, সেখানে ভোটার নেই। এক ঘণ্টা শেষে এই কেন্দ্রে ১৫টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার খোরশেদ আলম খান। তিনি বলেন, ঘন কুয়াশা ও অতিরিক্ত শীতের কারণে হয়তো সকালের দিকে ভোটর উপস্থিতি কম হতে পারে। পরে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে আশা করেন তিনি।