ঢাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণে!
পুলিশের অভিযানের ফলে ঢাকা মহানগরে মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে—এমনই দাবি করেছেন ডিএমপির মুখপাত্র ও ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এবং চলতি ২ এপ্রিল পর্যন্ত এক কেজি হেরোইন, পাঁচ হাজার বোতল ফেনসিডিল, পৌনে ২০০ কেজি গাঁজা ও ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৬৩১টি মামলা হয়েছে। এর সঙ্গে জড়িত ৬৪১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তবে দণ্ড পাওয়ার জামিনে কতজন আসামি জামিনে বের হয়েছেন—এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
১৫৩টি মামলায় ১৫৩ জনকে এক বছর, ৪০২টি মামলায় ১২ জনকে ছয় মাস এবং ৭৬টি মামলায় ৭৬ জন আসামিকে ছয় মাসের নিচে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসব তথ্য দিয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাত্ক্ষণিক প্রমাণ সাপেক্ষে মাদক ব্যবসায়ীদের সাজা দেওয়ায় মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। মাদক ব্যবসায়ীরা জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন। তিনি মনে করেন, ঢাকা মহানগরে বিচ্ছিন্নভাবে মাদক কেনাবেচা হয়ে থাকতে পারে।