ঢাকার মানুষ বাস করবে পানির সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী খালিদ আশরাফ একজন ভিন্ন মাত্রার নগর পরিকল্পনাবিদ। তিনি ঢাকাকে নতুন করে বাস উপযোগী করার স্বপ্ন দেখেন। যে ঢাকায় মানুষ বাস করবে পানির সঙ্গে। আবাসন গড়ে উঠবে নদী, খাল ও জলাশয়কে ঘিরে। তাঁর মতে, পানিকে বাদ দিয়ে ঢাকার নগরায়ণ অব্যাহত থাকলে সেই ঢাকা এক সময় বাসের অনুপযোগী হয়ে যাবে। খালিদ আশরাফ আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক। গতকাল রোববার এশিয়াটিক সোসাইটিতে আগামী দিনের ঢাকাকে কীভাবে গড়ে তোলা যায়, তার পরিকল্পনা তুলে ধরেন। সেন্টার ফর ঢাকা স্টাডিজ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শরীফউদ্দিন আহমেদ, এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ। খালিদ আশরাফের পরিকল্পনায় বলা হয়েছে, বর্তমান ঢাকাকেও বদলানো সম্ভব। তবে কাজটি প্রথম শুরু করতে হবে ঢাকা শহরের প্রান্তিক এলাকা থেকে। যেখানে নদী ও জলাশয় রয়েছে। সড়ক, বাড়ি, বাগান, উদ্যান, মার্কেট—সব কিছুর পাশেই থাকবে নদী বা জলাশয়। যাতায়াতের জন্য মানুষ সড়ক পথ ছাড়াও ব্যবহার করবে জলপথ। এ জন্য মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরকে নগরায়ণের আওতায় আনতে হবে। তিনি বলেন, বর্তমানকেন্দ্রিক ঢাকাকে নতুন করে ঢেলে সাজানো কঠিন কাজ। তবে শহরতলির নগরায়ণ ব্যবস্থা উন্নত হলে মানুষ ধীরে ধীরে কেন্দ্র থেকে প্রান্তিক এলাকার দিকে সরে যাবে। এতে কেন্দ্রের ওপর মানুষের চাপ কমে যাবে। ঢাকার কেন্দ্রীয় রাস্তাগুলোকে খালে রূপান্তর করে তা যাতায়াতের উপযোগী করা সম্ভব। অনেকেই মনে করেন, এটা খুবই খরচের কাজ। আসলে তা নয়। তিনি বলেন, এটা আসলে নীতিনির্ধারণী বিষয়। খালিদ আশরাফ বলেন, বর্তমানের ঢাকা ‘সিটি’র সংজ্ঞায় পড়ে না। এ ধরনের অবস্থা থেকে নগরকে উদ্ধার করতে পারেন একজন যোগ্য মেয়র। যেমনটা ১৯৮০ দশকে ইস্তাম্বুল, সিউল ও ব্যাংকককে পরিকল্পিত নগরে পরিণত করেছিলেন সেখানকার মেয়র। জামিলুর রেজা চৌধুরী খালিদ আশরাফের পরিকল্পনার প্রশংসা করে বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। ঢাকাকে পরিকল্পিত নগরে রূপান্তরের চেষ্টা অতীতেও অনেক হয়েছে। এখন চলছে বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়নের (ড্যাপ) কাজ। তাতেও নদী দখল ঠেকানো যাচ্ছে না। নদী ভরাট হচ্ছে। এর বিরুদ্ধে আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই। নজরুল ইসলাম বলেন, সব পরিকল্পনার গোড়ায় রয়েছে রাজনীতি। এখন ড্যাপ নিয়েও রাজনীতি চলছে। একদিকে সরকার, মন্ত্রণালয় ও রাজউক। অন্যদিকে বিশাল ক্ষমতাধর ভূমি ব্যবসায়ীরা। তাঁরা মন্ত্রীকেও তুচ্ছ জ্ঞান করেন।