ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে আগুন, পুড়েছে বেশ কিছু দোকান
রাজধানী ঢাকার এলিফ্যাণ্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টার নামের একটি একটি বহুতল ভবনের নয়তলায় আগুন লেগে কম্পিউটার যন্ত্রাংশের বেশ কিছু দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত নয়টার দিকে ৭১, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের নয়তলায় আগুন জ্বলতে দেখতে মার্কেটের নিরাপত্তা কর্মীরা ফায়ার সার্ভিসে জানায়। এরপর উধ্বর্তন কর্মকর্তাদের নেতৃত্বে ফুলবাড়িয়ার সদর দপ্তরসহ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পাশের একটি ভবনের ১০ তলা থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় গোটা এলাকায় ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। এক পর্যায়ে কয়েকজন কর্মী নয়তলায় ঢুকে পানি ছেটায়। ফলে আগুন অন্য তলায় ছড়াতে পারেনি। রাত পৌনে ১১ পার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত বর্ধন সরকার প্রথম আলোকে বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এতে কম্পিউটারের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে ওই কর্মকর্তা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে বিকট শব্দে মাল্টিপ্ল্যান সেন্টারের পাশের ট্রান্সফামার বিস্ফোরিত হয়। এরপরই নয়তলায় আগুন দেখা যায়।
মার্কেটের দর্জি দোকানি আজিজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, ভবনটির নিচতলায় তৈরি পোশাক, দোতলায় দর্জির দোকান, তিনতলায় মুঠোফোন, চার থেকে ১০ তলায় কম্পিউটারের যন্ত্রাংশের দোকান, ১১ থেকে ১৪ তলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়। প্রতিদিনের মতো আজও রাত সাড়ে আটটায় মার্কেট বন্ধ হয়ে যায়। এসময় বিদ্যুত্ সংযোগও বন্ধ করে দেওয়া হয়। মার্কেটের ভেতরে রাতে কেউ থাকেন না। ফলে হতাহত হওয়ার কোনো সম্ভাবনা নেই।