ঢাকার মিরপুরে সড়ক দখল করে স্কুলের বাণিজ্যিক স্থাপনা

মিরপুর-১০ নম্বর এলাকায় সেনপাড়া স্কুল রোড নামে পরিচিত সড়কটি ৩০ ফুটে উন্নীত করার কাজ চলছে। এ জন্য সড়কের দুই পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে আগেই। তবে সড়কের শেষ প্রান্তে শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় ভবনের দখলে থাকা একটি বড় অংশ এখনো উচ্ছেদ করেনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সড়কটির অবস্থান ডিএনসিসির অঞ্চল-৪-এর কার্যালয়ের ঠিক পেছনের অংশে। গত বুধবার দেখা যায়, এই অংশ থেকে সেনপাড়া স্কুল রোড ধরে অ্যাভিনিউ-১-এর পশ্চিম প্রান্তে আবু তালেব উচ্চবিদ্যালয়ের মূল ভবনটির অবস্থান। এই ভবনটি ব্লক-এর অন্তর্গত। ঠিক এর বিপরীত পাশে বিদ্যালয়ের দ্বিতীয় ভবনটি পড়েছে ব্লক-বির মধ্যে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছর চারেক আগে চারতলা উচ্চতার দ্বিতীয় ভবনের সামনে ও ডান পাশের অংশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়াই বেশ খানিকটা বাড়িয়ে দুই তলা উচ্চতার ভবন বানায় স্কুল কর্তৃপক্ষ। তারা একটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে আগাম টাকা নিয়ে ওই ব্যাংকের এটিএম বুথ করে দিয়েছে। এ ছাড়া ওই অংশেই নির্মিত হয়েছে আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব অবৈধ স্থাপনাকে রক্ষা করতে সেখানে কৌশলে একটি ধর্মীয় স্থাপনাও করা হয়েছে।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, সেনপাড়া স্কুল রোডের কাঁচাবাজার থেকে অ্যাভিনিউ-১-এর দিকে এগোতে সড়কের দুই পাশে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ডান পাশে নতুন ড্রেন তৈরির কাজ প্রায় শেষের দিকে। তবে বাঁ দিকে প্রায় পাঁচ ফুট সড়ক চলে গেছে আবু তালেব উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় ভবনের ওই নকশাবহির্ভূত অংশের ভেতরে। সড়ক প্রশস্ত করার জন্য এই ভবনের ঠিক পেছনে আরেকটি ভবনের সামনের অংশ ভেঙে ফেলা হলেও বিদ্যালয় ভবনের যে অংশে এটিএম বুথ, বাণিজ্যিক ও ধর্মীয় কমপ্লেক্সের অবস্থান, তাতে হাত পড়েনি। এই অংশে ৩০ ফুটের সড়কটি ২৫ ফুটে এসে দাঁড়িয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য আবু তালেব উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খলিলুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরে পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
এই সড়কটি ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সড়কের জন্য বরাদ্দ এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না। আবু তালেব উচ্চবিদ্যালয়ের যে অংশ সড়কের সীমানার মধ্যে চলে এসেছে, তা আমরা দ্রুত ভেঙে ফেলব।’