ঢাকার মেয়র-কাউন্সিলর প্রার্থীদের ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় গণভবনে যাবেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ‘আগামীকাল খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা গণভবনে যাবেন। সেখানে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ দিক-নির্দেশনা দেবেন।’
আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক দুজন নেতা জানান, প্রধানমন্ত্রী হিসেবে নন, আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা দিকনির্দেশনা দেবেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও দলীয় সাংসদেরা সেখানে উপস্থিত থাকবেন।