ঢাকার মেয়রের দুই সন্তানের রিট খারিজের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল বুধবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন। জানা যায়, সম্পদের বিবরণীসংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খোকার পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট গত ৫ এপ্রিল রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে দেন। হাইকোর্টের এই রায় স্থগিতাদেশ চেয়ে তাঁরা আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করেন। আদালতে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের পক্ষে মামলা পরিচালনা করেন রফিক-উল হক ও মাহবুবউদ্দিন খোকন। মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিলের ওপর ১৪ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে।