ঢাকার মেয়রের মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে গতকাল রোববার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন আইন, ২০০৯-এর ২৬(২) ধারায় রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের সাবেক সহকারী পরিচালক মো. শামছুল আলম।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে সারিকা সাদেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।মামলায় অভিযোগ করা হয়েছে, সাদেক হোসেন খোকার স্থাবর-অস্থাবর অনেক সম্পত্তি রয়েছে তাঁর মেয়ে সারিকা সাদেকের নামে। এসব সম্পদের অর্থের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। সারিকাকে সম্পত্তির হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য সাত দিন সময় দিয়ে দুদক নোটিশ দিলেও নির্ধারিত সময় তিনি হিসাব দাখিল করতে ব্যর্থ হন।অভিযোগে আরও বলা হয়, সারিকার নিজ নামে, তাঁর স্বামী আহমেদ ইফতেখারের নামে, তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে-বেনামে রাখা সম্পদের হিসাব সারিকার কাছে চাওয়া হয়েছিল। ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ওই নোটিশের জবাব না দেওয়ায় ওই বছরের ৪ সেপ্টেম্বর সাত কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব চেয়ে তাঁর বাড়ির ফটকে নোটিশ জারি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন আইন, ২০০৯-এর ২৬(২) (ক) ধারামতে শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে।