ঢাকার মৌখিক পরীক্ষা বাতিল করে আবার হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ঢাকা বিভাগের মৌখিক পরীক্ষার ফলাফল না পাওয়ায় খাদ্য অধিদপ্তরে এক হাজার ৯০ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ ঝুলে আছে। অন্য পাঁচটি বিভাগের ফল জমা পড়লেও ঢাকা বিভাগের ফলাফল এখনো আসেনি। এই অবস্থায় ঢাকার মৌখিক পরীক্ষা বাতিল করে তা আবার নতুন করে নেওয়ার চিন্তা করা হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক অনিয়মের অভিযোগ ওঠার কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি জানান, খাদ্য বিভাগের নিয়োগের মৌখিক পরীক্ষার ফল, বিশেষ করে ঢাকা বিভাগের ফল নিয়ে নানা অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ এবং পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার কারণে বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। সারা দেশেই ভালোভাবে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু ঢাকা বিভাগের ফলাফল নিয়ে যা ইচ্ছে তাই করা হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।এ অবস্থায় ঢাকা বিভাগের মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়া হবে কি না জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি। তবে বিষয়টি নিয়ে আমরা ভাবছি। নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে যা করা দরকার মন্ত্রণালয় তা-ই করবে।’খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শকসহ ১০টি শ্রেণীতে লোক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয় বিএনপি-জামায়াত সরকারের সময় ২০০৪ সালে। এ সরকারের সময় এ নিয়ে দুই দফা উদ্যোগ নেওয়া হলেও অনিয়মের অভিযোগসহ বিভিন্ন কারণে নিয়োগ হয়নি। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৃতীয় দফা আবেদনপত্র আহ্বান করা হলেও শেষ পর্যন্ত কাজটি সম্পন্ন হয়নি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর অচলাবস্থা নিরসনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেয়। ‘বিতর্ক এড়ানোর লক্ষ্যে’ নতুন করে আবেদনপত্র আহ্বান না করে বিগত সরকারের আমলের আবেদনগুলোই গ্রহণ করে ২০০৯ সালের ২৪ এপ্রিল লিখিত পরীক্ষা নেওয়া হয়।