ঢাকার যাত্রাবাড়ীতে রেকারের সঙ্গে লেগুনার ধাক্কায় আহত ১৩
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি লেগুনার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রেকারের সঙ্গে ধাক্কা খায়। এতে লেগুনার ১৩ জন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী লেগুনাটি ভোর চারটার দিকে ডেমরার সারুলিয়া থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল। এ সময় লেগুনার চালক নিয়ন্ত্রণ হারান। এতে লেগুনাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রেকারের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় লেগুনার ১৩ যাত্রী আহত হন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ছয় যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি সাতজনকে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
আহত যাত্রীদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন ইব্রাহীম, রিয়াজ, ফারুক, মামুন, রহিম, জসিম, মহসীন, কাসেম, সুমন, হুমায়ুন, আতিকুর ও আক্তার। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।