ঢাকার রাস্তায় অন্ধকারে চার ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্যবাড্ডায় মক্কা ফিলিং স্টেশনের সামনে ডিজেলের জন্য প্লাস্টিকের জার নিয়ে দাঁড়িয়েছে কয়েক শ মানুষ। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় তোলা ছবি: প্রথম আলো
রাজধানীর মধ্যবাড্ডায় মক্কা ফিলিং স্টেশনের সামনে ডিজেলের জন্য প্লাস্টিকের জার নিয়ে দাঁড়িয়েছে কয়েক শ মানুষ। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় তোলা ছবি: প্রথম আলো

সড়কবাতিগুলো জ্বলছে না। সংকেত-বাতিগুলোও বন্ধ। অন্ধকারে জাতীয় সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলো নেই অধিকাংশ ভবনে। পেট্রলপাম্পগুলোতে ভিড়। মানুষের চোখেমুখে আতঙ্ক, দুশ্চিন্তা। দোকানে মিলছে না মোমবাতি। এর মধ্যেই যখন পুলিশের গাড়ির সাইরেন বাজছিল, মনে হচ্ছিল কোথাও বুঝি খারাপ কিছু ঘটেছে। 
গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত মোটরসাইকেলে রাজধানী ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে। মনে হয়েছে, এ যেন এক ভুতুড়ে নগর। কেবল রাজধানী নয়, একই অবস্থা ছিল দেশজুড়ে। দেশের এক প্রান্ত থেকে মানুষ খোঁজ নিচ্ছে অপর প্রান্তের স্বজনদের। সবাই জানতে চাইছেন, কখন আসবে বিদ্যুৎ? কিন্তু সেই প্রশ্নের উত্তর জানা নেই কারও।
সন্ধ্যার পরপরই শাহবাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেল, অন্ধকার পুরো ক্যাম্পাস। মধুর ক্যানটিনের পাশ দিয় আইবিএ ভবনে আলো জ্বললেও পুরো কলাভবন অন্ধকারে। সেখান থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে দেখা গেল, এই ভবনটিও অন্ধকারে। বাসভবনের সামনেই দাঁড়িয়ে আছে পুলিশের একটি ভ্যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগুলো ঘুরে দেখা গেল, ছাত্ররা আড্ডা দিচ্ছেন হলের সামনে কিংবা মাঠে। জহুরুল হক হলের ছাত্র সিরাজুল ইসলাম, আজিজুর রহমান, সালাউদ্দিন আহমেদসহ কয়েকজন জানালেন, দিনের বেলায় ততটা সমস্যা না হলেও সন্ধ্যার পর থেকে বিদ্যুৎহীন অবস্থায় ভালো লাগছে না। বাড়ি থেকেও পরিবারের লোকজনও দুশ্চিন্তা নিয়ে খোঁজখবর নিচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত আসতেই দেখা গেল, পেট্রলপাম্পের সামনে গাড়ির লম্বা লাইন। আছেন অনেক সাধারণ মানুষও। কয়েকজন জানালেন, জেনারেটরের ডিজেল শেষ হয়ে গেছে। তাই ডিজেল নিতে এসেছেন। নিউমার্কেট থানার সামনে গিয়ে চোখে পড়ল অন্ধকারের মধ্যেই কয়েকজন পুলিশ সদস্য থানার সামনে পাহারা দিচ্ছেন।
নিউমার্কেটে গিয়ে দেখা গেল, অনেক দোকানেই টিমটিমে আলো জ্বলছে। ব্যবসায়ীরা জানালেন, জেনারেটর দিয়ে দোকানের একটা-দুটো বাতি জ্বালিয়ে রেখেছেন। তবে ক্রেতারা সেভাবে আসছেন না। বিডিআর গেটের সামনের একটি দোকানে মোমবাতির খোঁজ করতে গিয়ে জানা গেল, সন্ধ্যার আগেই মোম শেষ হয়ে গেছে। ফলে ক্রেতারা এখন খালি হাতে ফেরত যাচ্ছেন।
ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুর, পলাশী ঘুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে দেখা গেল, ভবনটি প্রায় অন্ধকারে। হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে জানা গেল, অধিকাংশ ওয়ার্ডও নাকি অন্ধকারে। তবে অপারেশন থিয়েটারসহ জরুরি কয়েকটি ওয়ার্ড জেনারেটর দিয়ে চলছে।
ঢাকা মেডিকেল থেকে হাইকোর্টের সামনে দিয়ে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, ধামমন্ডি হয়ে সংসদ ভবনের সামনে আসতে দেখা গেল, এই ভবনটিও অন্ধকারে। জাতীয় সংসদের জনসংযোগ পরিচালক এস এম মনজুর মুঠোফোনে প্রথম আলোকে জানালেন, ‘দুপুর থেকেই সংসদ ভবনে বিদ্যুৎ নেই’।
সংসদ ভবন থেকে মিরপুর রোডের শ্যামলী হয়ে আবার ফেরার পথে চোখে পড়ল সোহরাওয়ার্দী, চক্ষু হাসপাতাল সবই অন্ধকারে। পঙ্গু হাসপাতাল থেকে ফেরা একজন রাতে জানালেন, তিনি সন্ধ্যায় এই হাসপাতালে গিয়ে দেখেছেন, মোমবাতি দিয়ে কাজ চলছে।
সংসদ ভবন থেকে মহাখালী হয়ে ফার্মগেট-কারওয়ান বাজারে আসার পথে চোখে পড়ল সড়কবাতিগুলোতে আলো নেই। কোথাও সড়কের সিগন্যাল বাতিও জ্বলছে না। সার্ক ফোয়ারার মোড়ে এসে দেখা গেল, পান্থকুঞ্জের সামনে মানুষের ভিড়। অনেকেই সেখানে আড্ডা দিচ্ছেন। আলোচনার বিষয়—বিদ্যুৎ।
মুঠোফোনের চার্জ শেষ হয়ে আসছিল। এর মধ্যেই মুঠোফোনে বার্তা এল বেসরকারি একটি ব্যাংক থেকে। তাতে লেখা, ‘বিদ্যুৎ সমস্যার কারণে এটিএম সেবা নিতে সমস্যা হওয়ায় আমরা দুঃখিত।’
সন্ধ্যা থেকেই অসংখ্য মানুষ মুঠোফোনে জানতে চেয়েছেন, কখন বিদ্যুৎ আসবে? ঢাকা কাস্টম হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানালেন, তাঁদের পুরো কার্যক্রম অনলাইনে চলে। কিন্তু ডিজেলের অভাবে জেনারেটর বন্ধ হতে চলেছে। যেকোনো সময় বন্ধ হয়ে যাবে সার্ভার। তাতে ভয়াবহ সংকট হবে। তিনি নিজেই যাচ্ছেন ডিজেল কিনতে।
অনেকেই প্রথম আলোতে ফোন করে জানিয়েছেন, বাসায় পানি নেই। কেউ কেউ বলেছেন, বাসার ফ্রিজ নিয়ে দুশ্চিন্তায় আছেন। অনেকে মুঠোফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানালেন।
তবে রাত নয়টায় রাজারবাগ থেকে এক পুলিশ কর্মকর্তা মুঠোফোনে জানালেন, পুলিশ লাইনে বিদ্যুৎ এসেছে। তবে ঢাকার অন্যান্য স্থানে কখন বিদ্যুৎ আসবে, সে ব্যাপারে তখনো কোনো তথ্য মেলেনি।
রাত ১০টা: কোনো কোনো এলাকায় বিদ্যুৎ এসেছে—এমন তথ্য জেনে আবারও ঢাকার রাস্তায় বের হলাম রাত ১০টায়। কারওয়ান বাজার থেকে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর সামনে আসার আগে চোখে পড়ল, রাজাবাজার অন্ধকারে ডুবে আছে। তবে সাংসদদের থাকার জায়গা ন্যাম ভবনের দিকে তাকিয়ে চমকে উঠতে হলো। পুরো ন্যাম ভবন ঘুটঘুটে অন্ধকারে। এখানে যে কোনো মানুষ থাকে, তা বোঝাই দায়।
মানিক মিয়া অ্যাভিনিউর সামনেই চোখে পড়ল টহলরত বিজিবির দুটি গাড়ি। মিরপুর রোড দিয়ে শ্যামলীর দিকে যেতে চোখে পড়ল, সোহরাওয়ার্দী হাসপাতালে আলো জ্বলছে। তবে পঙ্গু হাসপাতাল তখনো অন্ধকারে। আগারগাঁও থেকে পুরাতন বিমানবন্দরের পাশের রাস্তা ঘেঁষে মহাখালী হয়ে গুলশানে যাওয়ার পথে দেখা গেল বিজয় সরণি ও মহাখালী এলাকা বিদ্যুৎহীন। বনানী ১১ নম্বর রোড ধরে হোটেল লেকশোরের পাশ দিয়ে গুলশান এলাকায় গিয়ে চোখে পড়ল, বেশির ভাগ বাড়িই ডুবে আছে অন্ধকারে। এখানকার সড়ক বাতিগুলোও জ্বলছে না। হোটেল লেকশোরের নিরাপত্তাকর্মীরা জানালেন, তাঁরা জেনারেটর দিয়ে চলছেন।
গুলশান থেকে হাতিরঝিলে গিয়ে দেখা গেল, পুরো এলাকা অন্ধকার। তেজগাঁও-গুলশান লিংক রোড ধরে নতুন নির্মিত বিজয় সরণিতে আসার পুরো পথটাই অন্ধকার। কারওয়ান বাজারে প্রথম আলোর সামনে এসে চোখে পড়ল, অন্ধকারেই নামানো হচ্ছে ট্রাকে করে ঢাকার বাইরে থেকে আসা মালামাল। রাত সোয়া ১১টায় এই এলাকায়ও বিদ্যুৎ এসেছে; তবে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে আবার চলে যায়। ঢাকার আরও অনেক এলাকায়ও বিদ্যুৎ এসে কিছুক্ষণ পর আবার চলে যাওয়ার তথ্য পাওয়া গেছে।