গণপরিবহনে অভিযান: ঢাকায় এক দিনে ১২১টি মামলা। পাঁচটি যানবাহন জব্দ। এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায়
ঢাকার রাস্তায় বাস কমছে

ঢাকাসহ সারা দেশে লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকায় বিআরটিএর তিনটি এবং জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত ১২১টি মামলা করে। জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান, তিনটি মিনিবাসসহ পাঁচটি যানবাহন। তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয় এক লাখ ৫৭ হাজার টাকা।
চলাচলের উপযোগী (ফিটনেস) সনদবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানের প্রথম দিন, গত সোমবার সারা দেশে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের তথ্য সংগ্রহ করেছে বিআরটিএ। সংস্থাটির হিসাবে, গত সোমবার রাজধানীসহ সারা দেশে মোট দুই হাজার ২৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১৬ লাখ ৭১ হাজার টাকা। ২১ জন চালককে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে ৬৫টি যানবাহন।
টানা দুই দিনের অভিযান-আতঙ্কে ঢাকা ও ঢাকার বাইরে যাত্রীবাহী পরিবহন কমে গেছে। অনেকে এই পরিস্থিতিকে ঢিলেঢালা হরতালের সঙ্গে তুলনা করেছেন। পরিবহন মালিক-শ্রমিকদের কেউ কেউ বাস চালু করেননি। কিন্তু সাধারণ মানুষের তো বসে থাকার সুযোগ নেই। তাই গতকালও ভোগান্তি সঙ্গী করে পথ চলেছেন তাঁরা।
অবশ্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, যাত্রীদের কষ্টের জন্য তিনি দুঃখিত। তবে দীর্ঘ মেয়াদে সুবিধার জন্য এই কষ্ট স্বীকার করতে হবে। মন্ত্রী জানান, মানুষের দুর্ভোগ কমাতে বিআরটিসির ২০০ বাস মেরামত করে নামানো হয়েছে।
দুর্ভোগ অব্যাহত: রাজধানীতে গতকাল শ্যামলী, বিমানবন্দর সড়ক ও পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। আর ঢাকা জেলা প্রশাসনের আদালত বসে রমনা এলাকায় ও যাত্রাবাড়ীতে। বিমানবন্দর সড়ক সকাল থেকেই অনেকটা বাস-মিনি বাসশূন্য হয়ে পড়ে। বিকেল চারটার দিকে কাকলীতে অন্তত ২০০ যাত্রীকে বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। ধানমন্ডির পথের বাসের জন্য অপেক্ষায় থাকা শিহাবউদ্দিন আহমেদ বলেন, অটোরিকশাচালককেও রাজি করানো যাচ্ছে না। মাঝেমধ্যে ভিআইপি পরিবহনের দু-একটি বাস যেতে দেখা যাচ্ছে, কিন্তু থামছে না। যদিও সেগুলোতে যাত্রী ওঠানোর জায়গাই ছিল না।
সাড়ে চারটার দিকে ফার্মগেটে দেখা যায়, সড়কের দুই দিকেই জট। কিন্তু বাসের তুলনায় কারসহ অন্য যানবাহন বেশি। অথচ বাসের জন্য তখন দুই পাশেই কয়েক শ যাত্রী অপেক্ষায় ছিলেন। যাত্রাবাড়ী যেতে বাসের অপেক্ষায় ছিলেন অটো পার্টস ব্যবসায়ী মনিরুল হক। তিনি বলেন, গত দুই দিনের পরিস্থিতিকে ঢিলেঢালা হরতালের সঙ্গে তুলনা করা যায়। ইদানীং হরতালেও ঢাকায় এমনই বাস-মিনিবাস ও অটোরিকশা চলে। পার্থক্য শুধু হরতালে কার চলে না। এখন তা চলছে। এ জন্য যানজট হচ্ছে।
নাটোর প্রতিনিধি জানান, অভিযানের কারণে সড়ক ও মহাসড়কে যান চলাচল কমে গেলে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ হেঁটে ও ভ্যানে চেপে পথ চলেছেন। সিংড়া বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ জেএসসি পরীক্ষার্থী সুজন আলী জানায়, বাস না পেয়ে বন্ধুরা মিলে ভ্যানে করে পরীক্ষা দিতে এসেছে।
হানিফ পরিবহনের নাটোর কাউন্টারের টিকিট মাস্টার নীরব হোসেন বলেন, প্রতিদিন তাঁদের কোম্পানির ২৫টি বাস নাটোর-ঢাকা পথে চলে। অভিযান শুরু হওয়ার পর বৈধ লাইসেন্সধারী চালক পাওয়া যাচ্ছে না। ফলে ১০-১২টির বেশি বাস চলছে না।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়, কড্ডার মোড় ও হাটিকুমরুল গোলচত্বরে তিনটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সিরাজগঞ্জ-নলকা সড়কে লোকাল মিনিবাস ও অটোরিকশা চলাচল প্রায় ৯০ ভাগ কমে যায়।
তাড়াশ উপজেলার মহিষলুটিতে দুপুর একটার দিকে যাত্রী তানভীর আহমেদ বলেন, ‘সকাল ১০টা থেকে অপেক্ষা করেও রাজশাহীর গাড়ি না পেয়ে বাড়ি চলে যাচ্ছি।’
কৌশল করে চলছে বাস: ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম মূলত সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলে। রাজধানী ঢাকা এবং এর আশপাশে চলাচলকারী লক্কড়-ঝক্কড় বাস-মিনিবাস খুব ভোরে এবং সন্ধ্যার পর রাস্তায় নামানো হচ্ছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের অবস্থান জেনে বিকল্প পথেও বাস চালাচ্ছেন অনেকে।
গতকাল সকালে গাবতলীর টেকনিক্যাল মোড় থেকে ধামরাই-গুলিস্তান পথের একটি বাস ঘুরিয়ে ফেলতে দেখা যায়। অথচ এই বাসগুলো মিরপুর রোড ধরে আজিমপুর হয়ে গুলিস্তান পর্যন্ত যাওয়ার কথা।
অর্ধেক পথেই ঘুরিয়ে দেওয়ার বিষয়ে ওই বাসের ভাড়া আদায়কারী রমজান মিয়া বলেন, এই পথে যাত্রী প্রচুর। কিন্তু ফিটনেস সনদ না থাকায় এই লোভ সামলাতে হচ্ছে। ধরা খেলে কমপক্ষে দুই হাজার টাকা জরিমানা, এমনকি জব্দ হওয়ার ভয়ও আছে।
রমজান জানান, খুব ভোরে একবার গুলিস্তান গিয়ে ধামরাই ফেরত এসেছেন। এরপর সারা দিন গাবতলী পর্যন্তই চালাবেন। বিআরটিএ থেকে ফিটনেস সনদের চেষ্টা চলছে বলে তিনি জানান।
শ্যামলীতে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কারণে ওই পথ ধরে চলাচলকারী বিহঙ্গ, নিউ ভিশন, ধামরাই-গুলিস্তান, ২২/এ লোকালসহ বেশ কয়েকটি কোম্পানির বাস-মিনিবাস বিকল্প পথে চলতে দেখা গেছে। শ্যামলী না গিয়ে অনেক বাস মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, আগারগাঁও হয়ে চলেছে।
সনদের অপেক্ষা: বৃহত্তর মিরপুর এলাকা থেকে প্রতিদিন প্রায় এক হাজার বাস-মিনিবাস চলাচল করে। গতকাল বেলা আড়াইটার দিকে গিয়ে দেখা যায়, মিরপুর-১১ নম্বর থেকে পল্লবী বিআরটিসির বাস ডিপো পর্যন্ত রাস্তার দুই পাশে লক্কড়-ঝক্কড় বাস দাঁড়ানো। চালক-কর্মচারীরা জানান, ভ্রাম্যমাণ আদালত শুরু হওয়ার পর থেকেই এভাবে বাস-মিনিবাস বসিয়ে রাখা হয়েছে। ফিটনেস সনদ পেলেই এগুলো চালানো শুরু হতে পারে।
মিরপুর-আজিমপুর পথের সেফটি পরিবহনের শ্রমিক আলাউদ্দিন বলেন, শুধু পল্লবী ও এর আশপাশেই প্রায় ৩০০ বাস-মিনিবাস বন্ধ হয়ে গেছে। আরেক চালক রাসেল মিয়া বলেন, তিনি যে বাসটি চালান, সেটি মেরামত ও রং করার জন্য গ্যারেজে পাঠানো হয়েছে। এরপর সনদের জন্য বিআরটিএতে যাবেন।
ভ্রাম্যমাণ আদালতে ধরা খাওয়ার ভয়ে মিরপুরের বিভিন্ন গলি, আগারগাঁও, গাবতলী টার্মিনালের আশপাশে, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে এবং ডেমরায় এভাবে লক্কড়-ঝক্কড় বাস রাখতে দেখা গেছে।
মিরপুরে বিআরটিএ কার্যালয়ের মাঠ বিকেল চারটার পরও ফিটনেস সনদ নিতে আসা যানবাহনে ভরা ছিল। এর মধ্যে ৮-১০টি বাস-মিনিবাসও ছিল।
বিআরটিএ সূত্র জানায়, গত সোমবার সারা দেশে নিবন্ধন বা ফিটনেস সনদ কিছুই নেই—এমন ৩১টি নছিমন, করিমন, ভটভটি ও ইজিবাইক অকেজো করা হয়েছে।