ঢাকার রাস্তায় বাস নেই

কর্মদিবস হলেও সকাল সাড়ে সাতটায় রাস্তায় এতটা ভিড় সচরাচর চোখে পড়ে না। কিন্তু আজ সেই সময়েই মিরপুরের কাজীপাড়ার রাস্তায় প্রচণ্ড ভিড়। গণপরিবহনের অপেক্ষায় হাজার মানুষ। কিন্তু গণপরিবহন নেই। বিআরটিসির কয়েকটি বাস চলছে। চলছে প্রাইভেট কার, হিউম্যান হলার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা আর অজস্র রিকশা। এসব যানে সংকুলান হচ্ছে না এত মানুষের। বাস না থাকায় তাই অসংখ্য মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে।
ফার্মগেটমুখী রাস্তাতেই ভিড় বেশি। এখানেই কথা হয় জিল্লুর রহমানের সঙ্গে। তিনি যাবেন সদরঘাট। সেখানে কাপড়ের ব্যবসায় আছে তাঁর। জিল্লুর রহমান বলছিলেন, ‘সিনজিতে ভাড়া চাইতেছে ৬০০ টাকা। চার দিন ধইর্যা এমনিতেই বেচাবিক্রি নাই। প্রতিদিন ৭০০-৮০০ টাকা গেছে। দোকানের খরচ ওঠে নাই।’ অপেক্ষাকৃত কম খরচে সিএনজিচালিত অটোরিকশা পেতে তিনি অপেক্ষায় রইলেন।
তবে জিল্লুর রহমানের মতো অপেক্ষা করতে চাননি, এমন মানুষই বেশি। অতএব তাদের ভরসা দুই পা। অনেকের মতো এই প্রতিবেদকও সেই পথ ধরলেন। যেতে যেতে কথা হয় রাশেদা ইসলামের সঙ্গে। মেয়ে তরীকে নিয়ে তিনি যাবেন তেজকুনীপাড়া। সেখানে ১০টায় কোচিং। যানবাহন যে পাবেন না, তা নিশ্চিত ছিলেন। আর সে জন্যই এত তাড়াতাড়ি বের হওয়া। হাঁটতে হাঁটতে চেষ্টা করছেন কোনো অটোরিকশা পান কি না। বললেন, ‘একটা সিএনজি পাইতেছি না। রিকশা নাই। কীভাবে এত দূর যাব?’
মিরপুরের এ রাস্তার মাঝখানজুড়ে চলছে মেট্রোরেলের কাজ। এ সড়কে চলা মানুষের দুর্গতি অনেক দিন থেকেই। সড়ক সরু হয়ে যাওয়ায় দিনভর যানবাহনের ভিড় লেগে থাকে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়িয়েছে মেট্রোরেলের কাজ। এ কারণে এই সড়কে যানজট আর যানবাহনের চাপ লেগেই থাকে। কিন্তু আজ ছিল একেবারেই ব্যতিক্রম। গণপরিবহন না থাকায় সড়ক ছিল অনেকটাই ফাঁকা।
রাজধানীর মোহাম্মদপুর বাস স্টপেজের চিত্রটা ছিল একই রকম। সেখানে বহু মানুষের দীর্ঘ অপেক্ষা বাসের জন্য।
প্রথম আলোর প্রতিবেদকেরা জানিয়েছেন, রাজধানীর বিমানবন্দর সড়ক, মিরপুর সড়ক, মতিঝিল, আরামবাগ, প্রগতি সরণিতে বাসের দেখা মেলেনি।
তবে বরাবরের মতো বিআরটিসির বাস চলতে দেখা গেছে।