ঢাকার রেস্তোরাঁয় বিদেশি স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাটিন আমেরিকার নানা পদের সুস্বাদু খাবার পাওয়া যায় ধানমন্ডির ​সিল্যান্ত্রো রেস্তোরাঁয়  l ছবি: প্রথম আলো
ল্যাটিন আমেরিকার নানা পদের সুস্বাদু খাবার পাওয়া যায় ধানমন্ডির ​সিল্যান্ত্রো রেস্তোরাঁয় l ছবি: প্রথম আলো

একসময় ঢাকায় বিদেশি খাবার মানেই ছিল চায়নিজ ও থাই ফুড। দলবেঁধে এসব খাবার খেতে যাওয়ার প্রবণতা ছিল খুব। উৎসব উৎসব ব্যাপার ছিল। কিন্তু রাজধানীতে এখন বিশ্বের নানা প্রান্তের খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। গড়ে উঠেছে বিভিন্ন বিদেশি খাবারের রেস্তোরাঁ।
ছিমছাম পরিবেশ, জার বাল্বের হালকা আলোয় ল্যাটিন আমেরিকার খাবারের স্বাদ দিচ্ছে সিল্যান্ত্রো ও কোয়েন্ত্রো। খাবার আসবে কাঠের ট্রেতে। কাসাদিয়া, এনচিলাদা, পেরুভানো চিকেন, টাকোস, নাচোসসহ নানা পদের স্প্যানিশ, মেক্সিকান ও মেডেটেরেনিয়ান খাবার পাওয়া যাবে এ রেস্তোরাঁ দুটোয়। সিল্যান্ত্রোর অপারেশন ম্যানেজার মিরাজ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে প্ল্যাটার আইটেম বেশি চলে। এ ছাড়া কাসাদিয়াটাও মানুষ পছন্দ করে।’ ধানমন্ডির সাতমসজিদ সড়কে ২০১৩ সালে শুরু হয় সিল্যান্ত্রো। একই সময়ে যাত্রা করা কোয়েন্ত্রো বারিধারায়। খাওয়া যাবে ৩০০ থেকে ১ হাজার ৯৯৫ টাকার মধ্যে।
টেবিলে আপনার সামনেই রান্না হবে। এটা কোরিয়ান ডাইনিংয়ের রীতি। বেশ কিছু কোরিয়ান খাবারের দোকান হয়েছে রাজধানীতে। বুলগোগি—গরুর মাংসের একটি পদ, জাপচি—স্বচ্ছ রাইস নুডলস, কিমচি-সালাদ ধরনের, সুশিসহ নানা পদই মিলবে। খাওয়া শেষে কোরিয়ান রীতি অনুযায়ী সুজং গোয়া নামের দারুচিনির চা পরিবেশন করা হবে। সুরা, ডায় জেং জিয়াম, কোরিয়ানা, অ্যারিরান, সুরাওনসহ বেশ কয়েকটি রেস্তোরাঁ আছে ঢাকায়। বেশির ভাগই গুলশান, বারিধারা, বনানী ও উত্তরাকেন্দ্রিক। এসব রেস্তোরাঁয় খেতে হলে জনপ্রতি অন্তত হাজার টাকা গুনতে হবে।
অনলাইনে জাপানিজ খাবার সরবরাহ করছে সুশি সামুরাই। এর ম্যানেজার ইমাম হোসেন বলেন, গুলশান-বারিধারার উচ্চবিত্তের কথা চিন্তা করে জাপানিজ খাবারগুলোর দোকান এখন বেশ জমে উঠেছে। সুশি তো আছেই। এর সঙ্গে র্যামেন-স্যুপি নুডলস, ক্যালিফোর্নিয়া রোল, ভলকানো রোল, শ্রিম্প টেম্পুরাসহ অনেক পদ। কোবে জাপানিজ রেস্টুরেন্ট, ইজুমি, সামদাদো, টাকিয়ে, টিবিসি, উমাইসহ অনেক রেস্তোরাঁই আছে ঢাকায়। এগুলোও গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডিকেন্দ্রিক।
লেবানিজ কাবাব, বিরিয়ানি, রুটির স্বাদ দিচ্ছে আল-আমার। ধানমন্ডির ২৭ নম্বরে এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে। হোমুস, গ্রিল, লেবানিজ ব্রেড খুব জনপ্রিয় এখানে। এ ছাড়া আছে প্রায় ৪ হাজার টাকার একটি প্ল্যাটার, যা আটজন খেতে পারবে। মোটামুটি সব ধরনের লেবানিজ স্বাদ পাওয়া যাবে এ প্ল্যাটারে। মধ্যপ্রাচ্যের খাবার আরও পাওয়া যাবে টার্কিশ বাজার, কাসপিয়ান-পারসিয়ানসহ কিছু রেস্তোরাঁয়।
ফাস্টফুড-জাতীয় আমেরিকান খাবার ঢাকার অলিগলি সবখানেই পাওয়া যাবে। তবে সম্প্রতি চালু হওয়া বার্গার কিং বেশ আগ্রহ তৈরি করে। প্রায় দু শ থেকে চার শ টাকায় বার্গার খাওয়া খাওয়া যাবে। ‘রোস্টেড স্পাইসি চিকেন’ খেতে হলে যাওয়া যায় গুলশান-১-এর কেনি রজার্স রোস্টার্সে। পাঁচ শ টাকায় একজনের খাওয়া হয়ে যাবে।
শিক্ষার্থী মারজিয়া ইসলাম প্রায়ই নানান দেশের খাবার চেখে বেড়ান। কোরিয়ান, থাই, জাপানিজ খাবার তাঁর খুব পছন্দ। আসল স্বাদ কি এই রেস্তোরাঁগুলোয় পাওয়া যায়? জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়, কিছু বাংলাদেশি ফ্লেভার মেশানো হয়। যদি বার্গারের কথাই বলি, আমাদেরটা বেশি জুসি। বাইরের দেশে সেটা (মসলা) কম।’ তিনি আরও বলেন, প্রায় সব খাবারের স্বাদই বাইরের দেশ থেকে একটু ভিন্ন।
উপমহাদেশীয় খাবারেরও বেশ কিছু রেস্তোরাঁ পাওয়া যাবে। ভারতীয় খাবারের স্বাদ আছে ছোট-বড় অনেক রেস্তোরাঁয়। নেপালি মোমো ইদানীং বেশ জনপ্রিয়। ক্যাফে ফাইভ এলিফ্যান্ট, লা-বাম্বা, হট-হাট, টেকিয়াসহ বেশ কিছু রেস্তোরাঁ দেবে নেপালের জনপ্রিয় এ খাবারটি। ১৫০ থেকে ২০০ টাকায় মোমো পাওয়া যাবে। টেস্ট অব লঙ্কায় মিলবে সাগরপাড়ের দেশ শ্রীলঙ্কার খাবারের স্বাদ। আপ্পাম বা হোপার- রুটির ভেতর ডিম নারকেলের দুধ দিয়ে তৈরি শ্রীলঙ্কার এই জনপ্রিয় খাবার পাওয়া যাবে এ রেস্তোরাঁটিতে। কাঁকড়া ও নারকেলের নানান পদ খেতে চাইলে এখানে যাওয়া যায়। বনানীর এই রেস্তোরাঁয় তিন শ থেকে পাঁচ শ টাকায় খাওয়া যাবে।
এ ছাড়া ঢাকায় ইতালিয়ান, মঙ্গোলিয়ান খাবারেরও কিছু রেস্তোরাঁ আছে। চায়নিজ আর থাই তো এখন গলির দোকানের খাবারের মতো।