ঢাকার শতাধিক প্রাচীন শিলালিপি নিখোঁজ
গত ৩০ বছরে ঢাকার শতাধিক প্রাচীন শিলালিপি নিখোঁজ হয়ে গেছে। বেশির ভাগ শিলালিপি নিখোঁজ হয়েছে গত শতাব্দীর নব্বইয়ের দশকে।
ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে ‘ঢাকার নিখোঁজ শিলালিপি’ শীর্ষক দ্বিতীয় প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বক্তারা জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য এসব শিলালিপি নিখোঁজ হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
প্রতিবেদনে ২৩টি নিখোঁজ শিলালিপির অপ্রকাশিত পাঠ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ ছাড়া ঢাকার এশীয় ভাষার ১৬২টি শিলালিপির তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২০১০ সালে কমিটির প্রথম প্রতিবেদনে ঢাকার ৬৩টি অপ্রকাশিত শিলালিপির আলোকচিত্র প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মানুষ বা সম্পদ হারিয়ে যাওয়ার চেয়েও ইতিহাস হারিয়ে যাওয়া ভয়াবহ দুর্ভাগ্যের। অথচ এ দেশে বারবার ইতিহাস হারিয়ে যেতে দেখেছি ও দেখছি।’
উপাচার্য বলেন, শিলালিপি শুধু একটি পাথরখণ্ড নয়, এটি ইতিহাসের এক অবিকৃত খণ্ড। ইতিহাসের এসব খণ্ডকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
কমিটির সম্পাদনা পরিষদের সভাপতি আবুল কালাম মুহাম্মদ যাকারিয়া বলেন, ধারাবাহিকভাবে একের পর এক শিলালিপি নিখোঁজ হওয়ার ঘটনায় চক্রান্ত রয়েছে।
সম্পাদকমণ্ডলীর সদস্য মাওলানা ফরিদউদ্দীন মাসউদ বলেন, ইতিহাস যেমন কোনো ধর্মের একক বিষয় নয়, তেমনি শিলালিপিও কোনো ধর্মের নয়।
স্থপিত শামসুল ওয়ারেস এ গবেষণাকাজ চালিয়ে যাওয়ার জন্য ট্রাস্ট ফান্ড গঠনের ওপর জোর দেন।
নিখোঁজ শিলালিপির পাঠ সংগ্রাহক ও অনুবাদক মওলানা নূরুদ্দীন ফতেহ্পুরী বলেন, ‘এগুলো হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাব, আমাদের পূর্বপূরুষদের ইতিহাস হারিয়ে যাবে।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে নারায়ণ চন্দ্র বিশ্বাস, নাজমা খান মজলিশ, শামীম বানু ও ফাদার তপন ডি রোজারিও, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ আলী নকী, আলোকচিত্রী পাভেল রহমান প্রমুখ বক্তব্য দেন। প্রতিবেদন উপস্থাপন করেন জাকারিয়া মণ্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন প্রণয় পলিকার্প রোজারিও।