প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক স্বাদের আচার এসেছে। কোনো আচার টক, কোনোটি ঝাল। আচারে বিভিন্ন রকমের উপাদান ও মসলার ব্যবহারে একটি অন্যটি থেকে আলাদা। কিন্তু প্রতিটি আচারে একটা উপাদানের ব্যবহার সবাইকে এক করে দিয়েছে। সেটা হচ্ছে মমতা। এটিই আচার বানানোর কাজটিকে শিল্পে পরিণত করেছে।
প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৫তম আসরের বিচারকেরা বাংলার চিরকালীন ঐতিহ্য আচার বানানোর সার্বিক কর্মকাণ্ডকে মূল্যায়ন করেছেন এভাবেই।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার এই প্রতিযোগিতার এবারের আসরের পুরস্কার বিতরণ করা হয়। এতে ২ হাজার ৭৫১ জন প্রতিযোগীর প্রায় সাত হাজার আচারকে পেছনে ফেলে সেরার পুরস্কার জেতেন ঢাকার শামসুন নাহার। পুরস্কার হিসেবে তিনি পান দুই লাখ টাকা।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ। প্রতিযোগিতায় টক, ঝাল, মিষ্টিসহ মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজনকে একটি করে ৪২ ইঞ্চি রঙিন টেলিভিশন, ল্যাপটপ ও আইপিএস দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন বিভাগের ৩৫ জনকে দেওয়া হয় শুভেচ্ছা পুরস্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিযোগিতার গণমাধ্যম সহযোগী চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসারুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহসান খান চৌধুরী ও পরিচালক উজমা চৌধুরী।
বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন—
টক: আয়েশা জেসমিন, ফৌজিয়া আফসানা বেগম ও সাবেরা মারজানা;
মিষ্টি: তাসনিম করিম, ফারহানা আক্তার ও দিলওয়ারা বেগম;
ঝাল: সাবিহা পারভীন, তাহমিনা ও আবিদা সুলতানা এবং অন্যান্য: ফাহমিদা শারমিন, সাদিয়া আফরিন ও লায়লা সিদ্দিক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা নবী ও ইমরান।