ঢাকার শ্রোতাদের মাতালেন হৈমন্তী শুক্লা
ভারতের প্রথিতযশা সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা আবারও মাতালেন ঢাকার দর্শক-শ্রোতাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে হাজারো দর্শক-শ্রোতা উপভোগ করলেন তাঁর গান।সন্ধ্যায় অফিসার্স ক্লাব ঢাকার উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হৈমন্তী শুক্লা সংগীত পরিবেশন করেন। ক্লাবের মূল ভবনের সামনে খোলা চত্বরে সামিয়ানা টানিয়ে আয়োজন করা হয়েছিল ‘এসো প্রাণের উৎসবে-বসন্ত উৎসব ১৪১৮’ শিরোনামের অনুষ্ঠান।বসন্তের গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দলীয় নৃত্য শেষে শিল্পীরা মঞ্চ থেকে নেমে ফুল ছিটিয়ে স্বাগত জানান আগতদের। এরপর মঞ্চে আসেন মিতা হক। পরের শিল্পী ছিলেন শারমিন সাথী ইসলাম। এরপর গাইলেন শিল্পী পারভিন সুলতানা।একপর্যায়ে মঞ্চে আসেন হৈমন্তী শুক্লা। শুরুতে শোনান বসন্ত রাগের ওপর একটি গান । পরের গানটি ছিল ‘এখনো সারেঙ্গিটা বাজছে’। এরপর একে একে তিনি গাইলেন ‘ডাকে পাখি খোলো আঁখি’, ‘আমার বলার কিছু ছিল না’, ‘ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’ ইত্যাদি গান।