ঢাকার সংসদীয় আসনসংখ্যা না বাড়ানোর পক্ষে ইসি
ঢাকা মহানগরের জনসংখ্যা বাড়লেও জাতীয় সংসদের নির্বাচনী আসন আর না বাড়ানোর পক্ষে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার বর্তমান সংসদীয় আসনসংখ্যা ধরে রাখতে কমিশন আইন সংশোধন করে সরকারের কাছে প্রস্তাব পাঠাবে। গত মঙ্গলবার কমিশনের বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। জানা যায়, আগামী বছরের শুরুতে আদমশুমারি হবে। কমিশন মনে করে, এই আদমশুমারিতে ঢাকা মহানগরের জনসংখ্যা ব্যাপক বেড়ে যাবে। এর ফলে বিধান অনুযায়ী নির্বাচনী আসনসংখ্যাও বাড়াতে হবে। কিন্তু কমিশন বর্তমান আসনসংখ্যা ধরে রাখতে চায়। এ বিষয়ে গতকাল বুধবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘ঢাকার সংসদীয় আসন বর্তমান সংখ্যায় নির্দিষ্ট রাখা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে আগামী আদমশুমারি শেষে জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলে ঢাকায় আসনসংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে। কোনো মহল্লা নিয়ে যদি একটি আসন হয়ে যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাই কমিশন মনে করে, আইন সংশোধন করে বর্তমানে ঢাকা শহরের আসনসংখ্যা যা আছে তাতেই সীমাবদ্ধ রাখা যেতে পারে।’জাতীয় সংসদ নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ ১৯৭৬ অনুসারে প্রতি আদমশুমারি শেষে জনসংখ্যার ভিত্তিতে আসনের সীমানা পুনর্বিন্যাস করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই জনসাধারণের সুবিধা-অসুবিধা বিবেচনা করতে হবে এবং জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের অখণ্ডতা বজায় রাখতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, ২০০১ সালে দেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩। এই জনসংখ্যার ওপর ভিত্তি করে ২০০৮ সালের জুলাইয়ে নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস চূড়ান্ত করা হয়। সমীকরণ অনুযায়ী, চার লাখ ১৪ হাজার ৫৭৮ জন বা এই সংখ্যার ২৫ শতাংশ কমবেশি জনগোষ্ঠী নিয়ে প্রতিটি আসন গঠিত হয়। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০০১ সালে ঢাকার জনসংখ্যা ছিল ৯০ লাখের কাছাকাছি। এর ফলে ঢাকার আসন ১৩টি থেকে বেড়ে ২০টিতে দাঁড়ায়। এর মধ্যে মহানগরে পড়েছে ১৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি আসন পড়ে চট্টগ্রাম জেলায়। জনসংখ্যার হিসাব অনুযায়ী, মেহেরপুরে একটি আসন হওয়ার কথা থাকলেও নীতিমালার ভিত্তিতে সেখানে দুটি আসন দেওয়া হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে পুনরায় আসনের সীমানা বিন্যাস করতে হবে। নির্বাচন কমিশন মনে করছে, ওই আদমশুমারি শেষে ঢাকা জেলার জনসংখ্যা দেড় কোটির কাছাকাছি পৌঁছাতে পারে। সে হিসাবে ঢাকা শহরে আসনসংখ্যা ২৫টি ছাড়িয়ে যেতে পারে। আর ঢাকা জেলায় আসনসংখ্যা ৩০টি ছাড়িয়ে যেতে পারে। এর ফলে অন্যান্য জেলার সঙ্গে ঢাকার আসনসংখ্যার ব্যবধান আরও বাড়বে। সূত্র জানায়, তাই কমিশন ঢাকা শহরের আসনসংখ্যা বর্তমানে যা রয়েছে তাতে নির্দিষ্ট করার পক্ষে।