ঢাকার সঙ্গে অন্য শহরের মানুষের আর্থসামাজিক বৈষম্য বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশের ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ৩০ শতাংশ অর্থাৎ সাড়ে চার কোটি মানুষ নগরে বাস করে। এর মধ্যে ১ কোটি ৭০ লাখ মানুষের বাস রাজধানী ঢাকায়। ২০৪০ থেকে ৪৭ সালের মধ্যে দেশের অর্ধেক মানুষ নগরবাসী হবে।
এ ক্ষেত্রে পরিকল্পিতভাবে ঢাকা বাদে অন্য শহরগুলোর সুযোগ-সুবিধা বাড়াতে না পারলে ঢাকামুখী মানুষের স্রোত ঠেকানো যাবে না। আর ঢাকাবাসীর সঙ্গে অন্য শহরগুলোতে বসবাসরত ব্যক্তিদের আর্থসামাজিক বৈষম্যও বাড়বে। এ বৈষম্য রোধে এখন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নগরায়ণ এবং এর প্রভাববিষয়ক একটি সংলাপে অংশ নেওয়া বক্তারা।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘থার্ড আরবান ডায়ালগ-২০১৫’ শীর্ষক দুই দিনব্যাপী এই সংলাপের উদ্বোধন করা হয়। সংলাপটি যৌথভাবে আয়োজন করেছে আরবান আইএনজিও ফোরাম বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ।
সংলাপের উদ্বোধনী পর্বে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে দেশে নগরায়ণের যে ধারা চলছে, তাতে করে অর্থনৈতিক উন্নয়নের সুবিধা জেলা কিংবা উপজেলা শহরগুলো পাচ্ছে না। এটি একটি ভারসাম্যহীনতা তৈরি করছে। ঢাকার সঙ্গে অন্য শহরের মানুষের আর্থসামাজিক বৈষম্য বাড়ছে।
সুষম বণ্টন নিশ্চিত করা না গেলে সত্যিকারের জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সুষম বণ্টন ও ন্যায়বিচারের ভিত্তি প্রয়োজন এ দেশে। আমরা সেটা এখনো পারিনি। এ ব্যর্থতা আমাদের আছে।’ উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ তাওহিদুল ইসলাম। বেসরকারি সংস্থা হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির জাতীয় পরিচালক জন এ আর্মস্ট্রংয়ের সভাপতিত্বে সংলাপে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমেদ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহিদুল্লাহ মিয়া।