ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রবল বর্ষণে টাঙ্গাইলে রেললাইনের মাটি ধসে যাওয়ায় গতকাল শনিবার ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ ছয় ঘণ্টা বিচ্ছিন্ন ছিল৷ বালুর বস্তা ফেলে লাইন মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথের বঙ্গবন্ধু সেতু থেকে ১০ কিলোমিটার পূর্বে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় প্রবল বর্ষণে রেললাইনের মাটি ধসে যায়৷ সকাল ১০টার দিকে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ওই পথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে এবং নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ও দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইল স্টেশনে আটকা পড়ে। দুর্ভোগে পড়েন ট্রেনগুলোর যাত্রীরা।
রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক পঙ্কজ কুমার সাহা জানান, রেললাইনের এক পাশ থেকে অপর পাশে পানি নিষ্কাশনের জন্য পাইপ রয়েছে। প্রবল বর্ষণের কারণে অতিরিক্ত পানি পাইপ দিয়ে নিষ্কাশিত হতে পারেনি। ফলে এক পাশে পানি জমে যায়। এই জমে যাওয়া পানি রেললাইনে থাকা অসংখ্য ইঁদুরের গর্তে ঢুকে পড়ে। আর লাইনের মাটিও ধসে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, রেললাইনের মাটি ধসে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে পাকশী থেকে রেলওয়ের প্রকৌশলীরা আনালিয়াবাড়িতে ছুটে আসেন। তাঁরা দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইনের নিচে বালুর বস্তা ফেলা শুরু করেন। বিকেল চারটায় বালুর বস্তা ফেলার কাজ শেষ করে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত এলাকা দিয়ে পরীক্ষামূলকভাবে অতিক্রম করানো হয়। সফল এ পরীক্ষার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।