ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাস ধর্মঘট অব্যাহত
রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের ১৬টি জেলার দূরপাল্লার বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে রয়েছে।প্রসঙ্গত, রাজধানীর মহাখালী বাস টার্মিনালের মোটর মালিক-শ্রমিকদের সঙ্গে বগুড়ার মালিক-শ্রমিকদের বিরোধের জের ধরে গত রোববার থেকে এ ধর্মঘটের ডাক দেয় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন এবং মোটর মালিক গ্রুপ।গতকাল ধর্মঘটের দ্বিতীয় দিনে বগুড়ার বাইপাস সড়ক ও বাস টার্মিনালগুলোতে অসংখ্য যাত্রীকে বাসের জন্য দাঁড়িতে থাকতে দেখা যায়। কিন্তু দূরপাল্লার গাড়ি চলাচল না করায় তাদের দুর্ভোগে পড়তে হয়। কোনো কোনো যাত্রী আন্তজেলা বাসে করে গন্তব্যে যাচ্ছে। আবার অনেকে বিআরটিসির বাসে যাতায়াত করছে।সূত্র জানায়, পরিবহন ধর্মঘট নিয়ে গতকাল সোমবার রাজধানীর গাবতলীতে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রী বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়। এ কারণে ধর্মঘটের ব্যাপারে কোনো সুরাহা হয়নি।বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আক্তারুজ্জামান জানান, আজ মঙ্গলবার সভা হবে।