ঢাকার সঙ্গে তিন জেলার বাস চলাচল শুরু
সড়কপথে ঢাকার সঙ্গে তিন জেলার বাস চলাচল গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে। বেতন-ভাতা নিয়ে মালিক-শ্রমিক দ্বন্দ্বে গত রোববার রাত থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে ঢাকা পথের সব বাস চলাচল বন্ধ ছিল। ঢাকার বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিষয়টি নিয়ে গতকাল ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বাসমালিক-শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সে সময় তিনি শ্রমিকনেতাদের কাছে ঢাকার বাস চলাচল বন্ধ থাকার পেছনের কারণগুলো জানতে চান। পরে তিনি অন্য জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মাহবুবুর রহমান, দীপক কুমার রায়, বাবলু এন্টারপ্রাইজের মালিক হাসিবুল ইসলাম, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. শাহদাৎ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
শাহদাৎ হোসেন বলেন, ঢাকার বাস চলাচল বন্ধের বিষয়টি নিয়ে গতকাল দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ফজলে রাব্বীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। সে সময় তিনি বলেন, শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা ও খোরাকি বৃদ্ধির দাবি নিয়ে বাসমালিকদের সঙ্গে কথা হয়েছে। বাসমালিকেরা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চেয়েছেন। এ নিয়ে আজ (শুক্রবার) শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতাদের ঢাকায় এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসতে আহ্বান জানান। শাজাহান খান আলোচনার একপর্যায়ে ফজলে রাব্বীকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করতে অনুরোধ করেন। ফজলে রাব্বী তখন নৌপরিবহনমন্ত্রীকে আশ্বস্ত করেন। পরে তিনি তিন জেলার শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতাদের বিষয়টি জানিয়ে বাস চলাচলে উদ্যোগ নিতে বলেন। এরপর থেকেই ঢাকার সব বাস চলাচল শুরু হয়।
হানিফ এন্টারপ্রাইজ ঠাকুরগাঁওয়ের ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র দাস বলেন, গতকাল রাত থেকে ঢাকার বাস চলাচল শুরু হয়েছে।
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘মালিক-শ্রমিকের দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ নিয়েছিলাম। পরে নৌপরিবহনমন্ত্রী বিষয়টি সমাধানে আশ্বাস দেওয়ায় মালিক-শ্রমিক পক্ষ তাদের নিজ নিজ কর্মসূচি তুলে নেয়।’
প্রসঙ্গত, ঢাকার পথে চলাচল করা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বাসশ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ ছিল। সেই অসন্তোষ থেকে পরিবহনশ্রমিকেরা পঞ্চগড় থেকে হানিফ এন্টারপ্রাইজের বাস বন্ধ করেন। ৮ জুন ঠাকুরগাঁওয়ের শ্রমিকেরাও হানিফ এন্টারপ্রাইজের বাস বন্ধ করেন। গত শনিবার পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বাসশ্রমিকদের দাবি আদায়ে গঠিত শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভায় তিন জেলার শ্রমিকনেতারা রোববার থেকে হানিফ এন্টারপ্রাইজের বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের প্রতিবাদে বাসমালিকেরা পাল্টা কর্মসূচি দিয়ে গত সোমবার থেকে তিন জেলায় চলাচল করা ঢাকার সব বাস বন্ধ করে দেন।